রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

logo

এভিয়েশন ও পর্যটন খাতে ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত

reporter

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ


এভিয়েশন ও পর্যটন খাতে ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত

এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্যারিয়ার গড়ার সুযোগ তুলে ধরতে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ‘এভিয়েশন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ক্যারিয়ার সামিট ২০২৬’-এর দ্বিতীয় আসর।

শনিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের অডিটোরিয়ামে দিনব্যাপী এ সামিটের আয়োজন করে সামমনি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (স্যাটি)।
সামিটে এয়ার টিকিট বুকিং, ভিসা পরামর্শ, ট্যুর গাইডিং, পর্যটন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাশাপাশি এসব খাতে পেশাগত দক্ষতা অর্জন ও ক্যারিয়ার গঠনের প্রস্তুতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

সন্ধ্যায় এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে দক্ষ জনবলের চাহিদা, নিয়োগদাতাদের প্রত্যাশা এবং দেশি-বিদেশি কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার চৌধুরী। সামমনি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. মহিউদ্দিন সেলিমের সভাপতিত্বে এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর ও পর্যটন খাতের প্রতিনিধিরা অংশ নেন।আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে তোলা, দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দেশের এভিয়েশন ও পর্যটন শিল্পের বিকাশে ভূমিকা রাখাই এ সামিটের মূল লক্ষ্য।
সামিটে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা)।

এমএসএম / এমএসএম

Link Copied