
রৌমারীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে আহত-থানায় অভিযোগ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০৬:০১ অপরাহ্ণ

কুড়িগ্রামের রৌমারীতে ভারত—বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বিপুল মিয়া (৩৮) নামের এক যুবকের উপর হামলা করেছে রূপচাঁন নামের এক মাদককারবারি। এসময় স্বজনরা আহতকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।
মাদককারবারি ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রুপচাঁন মিয়া দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। সম্প্রতি ভারত থেকে ১৪’শ ৬০ পিস ইয়াবা ট্যাবলেট আমদানী করে। গোপনীয়তা রক্ষার্থে ইয়াবাগুলো তার বাড়ির পাশে ইটের স্তুপের নিচে লুকিয়ে রাখে। পরবর্তীতে রূপচাঁন মিয়া ইয়াবাগুলো খুজে না পাওয়ায় পাশ্ববর্তী বাড়ির বিপুল নামের যুবককে চুরির অপবাদ দেয়। ঘটনার দিন বিপুল মিয়া বাড়ির পাশে জমিতে দিনমুজুরের কাজ করছিল। এসময় মাদক ব্যবসায়ী রূপচাঁন লাঠি দিয়ে বিপুলকে এলোপাথারী ভাবে মারপিট করতে থাকে। বিপুলের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং বিপুলকে আহত অবস্থায় উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন। এর আগে ১৪৬০ পিস ইয়াবার টাকার জন্য বিপুলকে একটি ঘরে আটক করে রাখেন রূপচাঁন আলী। স্থানীয়দের সহযোগিতায় সেদিন রক্ষা পায় বিপুল। আগের ঘটনাসহ শনিবারের ঘটনার অভিযোগ রৌমারী থানায় দিলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। বিপুল মিয়া একই উপজেলার নওদাপাড়া গ্রামের আঃ কুদ্দুস মিয়ার ছেলে। সে তার নানার বাড়িতে বসবাস করেন।
হাসপাতালে চিকিৎসারত বিপুল মিয়া বলেন, রূপচাঁন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। রাতের আঁধারে আমার বসতবাড়ির উপর দিয়ে মাদক কারকারিরা যাতায়াত করে এবং তারা বিভিন্ন ধরণের উপদ্রব করে। তাই আমি ওই মাদক ব্যবসায়ীকে আমার বাড়ির উপর দিয়ে যাতায়াত এবং তাকে এসব ব্যবসা করতে নিষেধ করি। কিন্তু সে ব্যবসা বাদ না দিয়ে একটি মাদক চুরির নাটক সাজিয়ে আমার উপর হামলা করে। আমি দিনমুজুরী কাজ করে সংসার চালাই। রুপচান জোর করে আমাকে চোর অপবাদ দিচ্ছে। আমার কাছে আড়াই লাখ টাকা দাবী করছে। আমি এর সঠিক বিচার চাই।
এব্যাপারে মাদককারবারি রূপচাঁন বলেন, আমি লোন তুলে এই ব্যবসা করছি। বিপুল মিয়া আমার ১ হাজার ৪’শ ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট চুরি করে আমাকে নিঃস্ব করে ফেলেছে। আমাকে আমার জিনিষ ফিরিয়ে দিতেই হবে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম জানান, সম্ভবত বিষয়টি আমি অবগত নই। তবে যদি রাতে এব্যাপারে কোন অফিসারকে দায়িত্ব দিয়ে থাকি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।



















