
চৌগাছায় রস-গুড় নিয়ে ব্যস্ত গাছিরা উৎপাদন ২২৫ মে. টন, ৯ কোটি টাকা আয়ের সম্ভাবনা
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০৬:০২ অপরাহ্ণ

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানাগেছে, অত্র জনপদে পূর্ণ বয়সের খেজুর গাছ রয়েছে ৩১ হাজার ১৭০ টি, ৫ থেকে ১০ বছর বয়সের গাছ ৯ হাজার ৩২০, ৫ বছরের কম বয়সের গাছ রয়েছে ১ লাখ ৮৫ হাজার ৭৯০। এরমধ্যে রস আহরণে উপযোগী গাছের সংখ্যা ২৭ হাজার ৫৪০ টি।
গুড় উৎপাদনে জড়িত কৃষক বা গাছি রয়েছে ২ হাজার ৩৬০ জন। গাছ প্রতি রস হয় এক মৌসুমে ৮০ লিটার, গুড় হয় ৮ কেজি। খেজুর গাছের আওতায় গড়ে মোট জমি রয়েছে ২৫ হেক্টর।
কৃষি বিভাগের তথ্য মতে প্রতি হেক্টরে রস হয় ৮৮ হাজার ১২৮ লিটার, গুড় উৎপাদন হয় ৮ হাজার ৮১৫ কেজি, মোট গুড় উৎপাদন ২২৫ মেঃ টন। কেজি প্রতি ৪০০ টাকা দরে গুড়ের মূল্য হয় ৯ কোটি টাকা।
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকায় গেলে গাছ তোলা ও গুড় উৎপদনের দৃশ্য চোখে পড়ে। এ সময় কথা হয় দেবলা গ্রামের গাছি আব্দুর রাজ্জাকের (৭০) সাথে। তিনি বলেন প্রায় পঞ্চাশ বছর ধরে তিনি গুড় উৎপাদনের সাথে জড়িত। এ মৌসুমে তিন পোন (১৬০টি) গাছ কেটেছেন। এবার তিনি ৩৫/৪০ মন গুড়, পাটালি উৎপাদন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বাঘারদাড়ি গ্রামের গাছি লিয়াকত আলী, আন্দারকোটা গ্রামের গাছি মিঠু, আলী আরজান ও আলম, উজিরপুর গ্রামের মিন্টু মোল্লা, বাবু, হয়াতপুর গ্রামের জয়নালের সাথে কথা হলে তারা জানান, এই পেশা টিকিয়ে রাখা কঠিন। নতুন প্রজন্মের ছেলেরা গাছি পেশায় আসতে চাচ্ছেনা। তারা বলেন আধুনিক যন্ত্রপাতি দিয়ে গাছকাটা, রস আহরণ করলে সহজেই গুড় উৎপাদন সম্ভব।
গাছিরা জানানা, কয়েক বছর ধরে উপজেলাতে গুড়ের মেলা হয়ে আসছে। মেলাতে কিছু গুড় আমরা বিক্রি করতে পারি। মেলায় গাছিদের সম্মানিত করা হয়। কিন্তু গাছিদের কোন পরিবর্তণ নেই। গাছিরা অসুস্থ্য হয়ে পড়লে তাদের খোঁজ কেউ রাখে না।
স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নূরুল কদর জানান, কয়েকজন গাছিকে বয়স্কভাতা করে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে খড়িঞ্চা নওদাপাড়ার প্রবীণ গাছি আব্দুল লতিফ প্রতিবছর ১০০ টির বেশী খেজুর গাছ কাটতেন। কিন্তু তিনি অসুস্থ্য। গাছ কাটতে গিয়ে তাঁর মাজায় আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি দানবাক্সের বাজারে তরকারি বিক্রি করেন। তিনি বলেন খেজুর গাছ টিকিয়ে রাখতে গাছিদের সহযোগিতা দিতে হবে। সরকারিভাবে পৃষ্টপোষকতা করতে হবে।
যশোরের জিআই পণ্য খেজুর গুড় রক্ষা করতে ২০২০ সাল থেকে খেজুর গাছ রোপণ ও গাছিদের জীবনমান উন্নয়নে কাজ করছে এসটিই ইনিশিয়েটিভ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের পক্ষ থেকে উঠান বৈঠক ও গাছিদের নিয়ে গবেষণা করা হয়। গাছিদের উন্নয়ন, গুড় উৎপাদন ও গাছ সংরক্ষণের ধারণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকর। সেসময় উপজেলা নির্বাহী অফিসারের কাছে তাঁর গাছ নিয়ে গবেষণা ও বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। সেই ধরণা থেকে প্রথমে উপজেলা প্রশাসন খেজুর গাছ রক্ষায় আগ্রহি হয়ে ওঠেন। এরপর সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়।
সংগঠনের সভাপতি আবু বকর জানান, ব্যতিক্রম কিছু করার উদ্দেশ্যে আমি খেজুর গাছ নিয়ে কাজ শুরু করি। প্রথমে কেউ পাত্তা দেয়নি। অনেকে এই কাজকে হাস্যকর বলেছেন।
তিনি বলেন খেজুর গাছ রোপণ ও গাছিদের অগ্রধিকার ভিত্তিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে হবে। একই সাথে যশোরে বাংলাদেশ গুড় উন্নয়ন বোর্ড স্থাপন করে সমন্বিত পরিকল্পনা নিলে যশোরের রস-গুড়ের ঐতিহ্য টিকে থাকবে। অন্যদিকে প্রান্তিক মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে।
উপজেলা কৃষি অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন জানান, আমরা খেজুর গাছ সংরক্ষণ ও গাছিদের উন্নয়নে কাজ করছি। ইতিমধ্যে বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম জানান, খেজুর গাছ ও গুড়ের ঐতিহ্য ধরে রাখতে সরকারের পক্ষে সব ধরনের সহযোগিতা করা হবে। খেজুরের গুড় সংরক্ষণ, গাছিদের সহযোগিতা ও গুড় বাজারজাত করা নিয়ে সরকারের পরিকল্পনায় রয়েছে। যেটা বাস্তবায়নে প্রক্রিয়াধীন। তিনি বলেন ইতিমধ্যে রস-গুড়ের উপর জীবিকা নির্বাহকারী প্রায় ৩০০ জন গাছিদের তালিকা তৈরি করা হয়েছে। তাদেরকে বিশেষভাবে সরকারি প্রণোদনা দেয়া হবে।



















