রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

logo

৯ মাসে আওয়ামী লীগের কোনো বাড়িতে হামলা হয়নি: এমএ মালিক

reporter

শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০৬:০১ অপরাহ্ণ


৯ মাসে আওয়ামী লীগের কোনো বাড়িতে হামলা হয়নি: এমএ মালিক

দক্ষিণ সুরমায় নিজের বাড়িতে পেট্রোল বোমা হামলার পর সংবাদ সম্মেলনে দাব

বিগত ৯ মাসে সিলেট-৩ আসনের বিএনপি নেতাকর্মীরা কারও ওপর জুলুম, নির্যাতন বা হামলা করেননি বলে মন্তব্য করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মালিক।

তিনি বলেন, “এই সময়ে আওয়ামী লীগের কোনো বাড়িতে হামলা হয়নি। অতীতে বিএনপি নির্যাতিত হলেও আমরা সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছি। বিগত ৯ মাস প্রত্যেকের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। নাগরিক হিসেবে সব সম্প্রদায়ের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছি।”

রোববার দুপুরে দক্ষিণ সুরমার তেতলি এলাকায় নিজের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে শনিবার ভোরে তার বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে।

বাড়িতে পেট্রোল বোমা হামলার বিষয়ে এমএ মালিক বলেন, গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আগেই সতর্ক করা হয়েছিল। এ কারণে বাড়িতে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখা হয়েছিল। হামলার পর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তা না হলে পুরো বাড়ি আগুনে পুড়ে যেতে পারত।

তিনি আরও বলেন, শনিবার বিএনপির প্রতিটি ইউনিটকে শান্তিপূর্ণ মিছিল ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছিল। মোল্লারগাঁও ও কামালবাজার ইউনিয়ন বিএনপি মিছিল বের করে। তবে কামালবাজারে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের নির্দেশে মিছিলে গুলি ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এমএ মালিকের দাবি, মসজিদকে ব্যবহার করে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটানো হয়েছে। আওয়ামী লীগের এক সমর্থক তাকে জানিয়েছেন, সাবেক এমপি হাবিবের বাড়িতে নিজেরাই আগুন দিয়ে বিএনপিকে দায়ী করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আবারও অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের নির্দেশে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে গুলি ও অগ্নিসংযোগ করা হয়েছে। পরে নিজেরাই সাবেক এমপির বাড়িতে আগুন দিয়ে বিএনপিকে দোষারোপের চেষ্টা করছেন।

এদিকে, একই দিনে দক্ষিণ সুরমায় সিলেট-৩ আসনের বর্তমান ও সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে তেতলি এলাকায় বর্তমান সংসদ সদস্য এমএ মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলা হয়। একই দিন সন্ধ্যায় কামালবাজারের ধরগাঁও এলাকায় সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

একই দিনে দুই রাজনৈতিক নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দক্ষিণ সুরমা এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনাগুলো নিয়ে তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করছেন স্থানীয়রা।

শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো / এমএসএম

Link Copied