
পথশিশুদের অধিকার, সুরক্ষা ও সমান সুযোগ নিশ্চিতে প্রয়োজন সবার সমন্বিত উদ্যোগ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৬:২১ অপরাহ্ণ

জন্মনিবন্ধন না থাকায় সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে দেশের অনেক পথশিশু। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষার মতো মৌলিক অধিকার নিশ্চিত করতেও তাদের নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। এসব শিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে কারিতাস বাংলাদেশ আয়োজিত ‘পথশিশুদের অধিকার, সুরক্ষা ও সমান সুযোগ নিশ্চিতকরণ’ শীর্ষক জাতীয় শিশু সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহনাজ বেগম নীনা।
সম্মেলনে পথশিশুদের জীবনযাত্রা, চ্যালেঞ্জ, আশা-আকাঙ্ক্ষা এবং অধিকার পরিস্থিতি নিয়ে পরিচালিত একটি গবেষণা সমীক্ষার ফলাফলও তুলে ধরা হয়। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে শিশুদের জন্মনিবন্ধন, সামাজিক সুরক্ষা এবং সরকারি-বেসরকারি সেবায় সমান প্রবেশাধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়টি আলোচনায় আসে। সমীক্ষায় বলা হয়েছে, পথ শিশুদের পারিবারিক ভাঙন, অভিভাবকত্বের অভাব, দারিদ্র্য, নির্যাতন, শিক্ষার সুযোগ সীমিত থাকা এবং জন্মনিবন্ধন না থাকার কারণে নানা ধরনের ঝুঁকির মুখে পড়তে হচ্ছে।
সমীক্ষায় পথ শিশুদের একটি সুস্পষ্ট আইনি সংজ্ঞা নির্ধারণ করে জাতীয় নীতিমালায় অন্তর্ভুক্ত করার সুপারিশসহ ১৭ টি সুপারিশ তুলে ধরা হয়। একই সঙ্গে পথশিশুদের জন্য জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজ করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার নিশ্চিত করা এবং জাতীয় ও নগর পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব শাহনাজ বেগম নীনা বলেন, শিশুদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। শিশুদের নিয়ে কাজ আরও জোরদার করতে শিশুদের জন্য আলাদা অধিদপ্তরের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, কোনো শিশুই যেন উন্নয়ন ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না থাকে।
তিনি বলেন, বস্তি ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নেওয়া প্রকল্পগুলোতে তাদের অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। শিশুদের নিরাপদ দিবাযত্নের সুযোগ বাড়ানো এবং মায়েরা যেন সন্তানকে নিরাপদে রেখে কাজে যেতে পারেন, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে শিশুদের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের জুলিয়া জেসমিন বলেন, সমীক্ষায় উঠে আসা বিষয়গুলো পথশিশুদের বাস্তব পরিস্থিতি নতুন করে উপলব্ধি করতে সহায়তা করেছে।পথশিশুদেরও পরিবার ও অভিভাবক রয়েছে। তবে তাদের পরিবারের সন্ধান পাওয়া এবং প্রাতিষ্ঠানিক সেবার আওতায় নিয়ে আসা একটি বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিশুদের প্রাথমিক শিক্ষা ও অন্যান্য সেবার সঙ্গে যুক্ত করতে সমন্বিতভাবে কাজ করার ওপরও তিনি গুরুত্ব দেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের যুগ্মসচিব মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, পথশিশুদের অধিকার নিশ্চিত করতে আরও অনেক কাজ করার সুযোগ রয়েছে। জন্মের পর একটি শিশুর জন্মনিবন্ধন না হওয়া কোনোভাবেই কাম্য নয়। জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজ করা গেলে শিশুদের সেবা পাওয়ার পথ আরও সুগম হবে। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক খাতে শ্রম আইন প্রয়োগের সুযোগ থাকলেও অনানুষ্ঠানিক খাতে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা তুলনামূলক কঠিন। এ ক্ষেত্রে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কারিতাস বাংলাদেশের পরিচালক, কর্মসূচি, অপূর্ব ম্রং বলেন, পথশিশুদের অধিকার প্রতিষ্ঠায় শুধু সুপারিশ প্রণয়ন করলেই হবে না, সেগুলোর বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি সংস্থা এবং অন্যান্য অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে আন্তমন্ত্রণালয় সমন্বয়ও জরুরি।
তিনি আরও বলেন, পথশিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার পরিচালনায় কার্যকর নীতিমালা ও নির্দেশিকা প্রয়োজন। পাশাপাশি এসব শিশু নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর জন্য প্রণোদনা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। শিশুদের জন্য দীর্ঘমেয়াদি ও সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণের ওপরও তিনি গুরুত্ব দেন।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে কারিতাস বাংলাদেশের এসডব্লুউভিসির ইনচার্জ চন্দ্র মনি চাকমা, স্থানীয় প্রতিনিধি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিশু প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। এসময় শিশু প্রতিনিধিরা নীতিনির্ধারকদের কাছে তাদের অধিকার নিশ্চিতে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন।





















