
নজরুল বিশ্ববিদ্যালয়ে স্মার্ট কৃষিতে ওয়্যারলেস প্রযুক্তি নিয়ে সেমিনার
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ণ

স্মার্ট কৃষিব্যবস্থা গড়ে তুলতে তারবিহীন প্রযুক্তির ব্যবহার ও সম্ভাবনা নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Wireless Technologies for Smart Agriculture’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হেনডি ব্রিয়ানতোরো। তিনি তারবিহীন প্রযুক্তি ব্যবহার করে কীভাবে কৃষিব্যবস্থাকে আরও আধুনিক ও স্মার্ট করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় তিনি অনলাইনে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘দ্বি-পাক্ষিক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত সেমিনারের মাধ্যমে দুই দেশই উপকৃত হবে। উভয় দেশের আইডিয়া শেয়ারিংয়ের মাধ্যমে একে অপরকে উৎকর্ষিত করবে। এই সেমিনারের মধ্য দিয়ে ভবিষ্যতে দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরের পথ সুগম হলো।’ এ সময় তিনি সেমিনারের সার্বিক সফলতা কামনা করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড. মাহবুবুর রহমান।
ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আলী আজগরের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. তানজিল হোসেন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





















