বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

বারবার সতর্ক করেও বন্ধ হয়নি ফুলকলির দূষণ, সিলগালার নির্দেশ এমপির

reporter

মাইনুল খান

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৬:২১ অপরাহ্ণ


বারবার সতর্ক করেও বন্ধ হয়নি ফুলকলির দূষণ, সিলগালার নির্দেশ এমপির

বারবার সতর্ক করা এবং সমস্যা সমাধানে সময় বেঁধে দেওয়ার পরও পরিবেশদূষণ নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় চট্টগ্রামের পটিয়ার নাইখাইনে অবস্থিত ফুলকলি কারখানা সিলগালা করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে কারখানাটির দূষণ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় পরিবেশদূষণের চিত্র দেখে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাকে ফোন করে কারখানাটি সিলগালার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন সংসদ সদস্য।

এমপি এনামুল হক এনাম বলেন, জনস্বার্থ ও জনস্বাস্থ্য রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো প্রতিষ্ঠানকে জনগণের ক্ষতির কারণ হতে দেওয়া হবে না। দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষকে সময় ও সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তারা সতর্কবার্তায় কর্ণপাত করেনি। জনগণের স্বার্থের সঙ্গে আপস করার সুযোগ নেই।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে কারখানার বর্জ্য ব্যবস্থাপনা, দুর্গন্ধ ও পরিবেশদূষণের বিষয়ে খোঁজ নেন তিনি। এ সময় বাসিন্দারা অভিযোগ করেন, কারখানার বর্জ্য শোধনাগার (ইটিপি) কার্যকর না রেখেই অপরিশোধিত তরল বর্জ্য সার্জেন্ট মহি আলম খালে ফেলা হচ্ছে। এতে দীর্ঘদিন ধরে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। দূষণের প্রভাবে স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি বাড়ার পাশাপাশি আশপাশের কৃষিজমি ও স্বাভাবিক জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে আশ্বাস ও সতর্কতার পরও কারখানার দূষণ পরিস্থিতির কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় নাইখাইন এলাকায় গিয়ে কারখানাটির দূষণ ও দুর্গন্ধ নিয়ে স্থানীয়দের অভিযোগ শুনেছিলেন এনামুল হক এনাম। নির্বাচিত হওয়ার পরও তিনি একাধিকবার কারখানা ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ পরিদর্শনের সময় দূষণ নিয়ন্ত্রণে কারখানা কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিলেন তিনি। তবে এরপরও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

উল্লেখ্য, ২০১৯ সালে ইটিপি অকার্যকর রেখে অপরিশোধিত তরল বর্জ্য খালে ফেলার অভিযোগে পরিবেশ অধিদপ্তর ফুলকলি কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করেছিল।

এ বিষয়ে বক্তব্য জানতে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

মাইনুল খান / এমএসএম

Link Copied