
আশুগঞ্জে অনুমোদন ছাড়াই দুই বছর ধরে চলছে সিসা কারখানা, পরিবেশ দূষণের অভিযোগ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দুই বছরের বেশি সময় ধরে সিসা উৎপাদনের একটি কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। আশুগঞ্জ থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত সাইনবোর্ডবিহীন এ কারখানার বিষাক্ত ধোঁয়া ও বর্জ্যে এলাকার বায়ু ও জলাশয় মারাত্মকভাবে দূষিত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এর আগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড ও মুচলেকা দেওয়ার পরও পুনরায় কারখানাটির উৎপাদন চালু থাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সরেজমিন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কের পাশে অবস্থিত কারখানাটির বাইরে কোনো নামফলক, ব্যানার বা পরিচিতিমূলক সাইনবোর্ড নেই। তবে ভেতরে চীনা নাগরিকদের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে সিসা উৎপাদনের কার্যক্রম চলছে। স্থানীয়দের অভিযোগ, কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া ও রাসায়নিক বর্জ্যের কারণে আশপাশের পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে এবং এলাকার বাসিন্দারা শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
খোঁজ নিয়ে জানা যায়, এর আগে ২০২৫ সালের ২৭ আগস্ট তৎকালীন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে কারখানাটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সে সময় তিনজন চীনা ও তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এহসান মুরাদের আদালতে আপিল করে আশুগঞ্জে আর কারখানা চালাবেন না—এমন মুচলেকায় ছয় দিনের মাথায় জনপ্রতি পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে জামিনে বেরিয়ে আসেন তাঁরা। তবে কিছুদিন বন্ধ থাকার পর কারখানাটিতে আবারও পুরোদমে উৎপাদন শুরু হয়। গত ১৪ অক্টোবর এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদকে অবহিত করা হলে তিনি নতুন ইউএনও যোগদানের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এক মাসের বেশি সময় পার হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় ড্রায়ার মালিকদের পরিবেশ দূষণের নামে নানাভাবে হয়রানি করা হলেও এ অবৈধ সিসা কারখানাটি দীর্ঘদিন ধরে পরিবেশের ক্ষতি করে চলছে, অথচ তা দেখার কেউ নেই।
কারখানার পারচেজ ম্যানেজার ও দোভাষী আনোয়ার হোসেন পরিবেশগত ছাড়পত্র না থাকার বিষয়টি স্বীকার করে বলেন, তাঁদের পরিবেশ ছাড়পত্র এখনো প্রক্রিয়াধীন রয়েছে, তবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমতি রয়েছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, সারা দেশে অর্ধশতাধিক সিসা কারখানার মধ্যে মাত্র একটির ছাড়পত্র রয়েছে; অন্যগুলো চলতে পারলে তাঁদের কারখানা কেন চলবে না।
তবে ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নাজিম হোসেন শেখ জানান, প্রতিষ্ঠানটি অনুমোদনের জন্য আবেদন করলেও পরিবেশগত কারণে তাদের আবেদন বাতিল করা হয়েছে।
এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈন উদ্দিন জানান, তিনি সম্প্রতি এখানে যোগদান করেছেন এবং কারখানাটির বিষয়ে আগে অবগত ছিলেন না। জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করে এমন কোনো অবৈধ কারখানা পরিচালনার সুযোগ দেওয়া হবে না উল্লেখ করে তিনি এ বিষয়ে সর্বোচ্চ আইনগত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।



















