রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

logo

মাহমুদনগর ধলেশ্বরী নদীর ব্রিজ নির্মাণে একনেকে অনুমোদন

টাঙ্গাইল পশ্চিমাঞ্চলের মানুষের দু:খ কষ্ট লাঘব প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিমন্ত্রী টুকুর প্রতি আস্তা

reporter

আব্দুল লতিফ রানা, টাঙ্গাইল থেকে ফিরে

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০৭:২৪ অপরাহ্ণ


টাঙ্গাইল পশ্চিমাঞ্চলের মানুষের দু:খ কষ্ট লাঘব প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিমন্ত্রী টুকুর প্রতি আস্তা

অবশেষে বহুল প্রত্যাশিত টাঙ্গাইল সদরের পশ্চিমাঞ্চলের মানুষের দু:খ কষ্ট লাঘব হচ্ছে। ধলেশ্বরী নদীর ওপর একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন চরাঞ্চলের কয়েক লাখ  মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমে এই অঞ্চলের মানুষের দুর্ভোগের শেষ ছিল না।

এখন টাঙ্গাইল সদর থেকে নির্বাচিত প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকুর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। টাঙ্গাইল শহর থেকে ১৪ কিলোমিটার পশ্চিমে মাহমুদনগর ইউনিয়ন। প্রায় ২৪টি গ্রাম নিয়ে ৩০ হাজার মানুষের বসবাস এই ইউনিয়নে। আট বর্গ কিলোমিটার আয়তনের এই ইউনিয়নে চার হাজার ২০০টি পরিবারের বসবাস। শুধু এই ইউনিয়নই নয়, এখান দিয়ে টাঙ্গাইল সদর থেকে নাগরপুরের বিভিন্ন অঞ্চল ছাড়াও মানিকগঞ্জের আরিচা হয়ে গোয়ালন্দ পর্যন্ত মানুষ চলাচল করছে। কিন্তু শুধুই ধলেশ্বরী নদীর ওপর একটি ব্রিজ না থাকার কারণে মানুষের ভোগান্তি সীমা ছিল না।

অবশেষে প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকুর প্রতিশ্রুতি বাস্তবায়নে সেই কাঙ্খিত মাহমুদনগর নদীর ব্রিজটি নির্মাণে একনেকে অনুমোদন পেয়েছে। আর প্রতিমন্ত্রী টুকুর হাত ধরেই বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইলের চরাঞ্চলের জীবনযাত্রা। দীর্ঘ কয়েক দশকের অপেক্ষার পর নদী পারাপারের দুর্ভোগ আর যোগাযোগ বিচ্ছিন্নতার অভিশাপ থেকে মুক্তি পাচ্ছেন পশ্চিমাঞ্চলের অসহায় মানুষগুলো। ধলেশ্বরী নদীর ওপর ৬৫০ মিটার দৈর্ঘ্যের মাহমুদনগর সেতু, কাতুলী ইউনিয়নে ৩২০ মিটার এসডিএস সেতু এবং হুগড়া ইউনিয়নে ২৫০ মিটার কাশিনগর সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। টাঙ্গাইল জেলায় অনুমোদন পাওয়া সাতটি সেতুর মধ্যে তিনটিই টাঙ্গাইল সদর উপজেলায়। এসব সেতু নির্মিত হলে পশ্চিম টাঙ্গাইলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়ন সংলগ্ন গোলচত্বর থেকে ধলেশ্বরী নদী পাড়ি দিয়ে মাহমুদনগরের মাকোরকোল গ্রাম হয়ে নাগরপুর ও চৌহালী উপজেলার বিভিন্ন অঞ্চলের মানুষের চলাচল করতে হয়। গোলচত্বর ও মাকোরকোলের মাঝখান দিয়ে প্রায় এক কিলোমিটার প্রশস্ত ধলেশ্বরী নদী। পাশের নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলা থেকে মাহমুদনগরের মাকোরকোলে নদীতীরে এসে ওই এলাকার মূল পাকা সড়ক পৌঁছেছে।

এখন চরাঞ্চলের মানুষের কয়েক প্রজন্মের লালিত স্বপ্ন পূরণের পথে ধাবিত হচ্ছে। ধলেশ্বরী নদীর ব্রিজ নির্মাণের উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নির্বাচনের আগে চরাঞ্চলের মানুষের যোগাযোগ দুর্ভোগ লাঘবে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতিতে স্থানীয়দের মাঝে বুধবার বিকাল থেকেই চলছে আনন্দ উল্লাস, মিছিল ও মিস্টি বিতরণ।

জানা গেছে, বুধবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ প্রকল্পের মাধ্যমে দেশের ৪৮টি জেলায় ২৫৬টি সেতু নির্মাণ করা হবে। এ প্রকল্পে টাঙ্গাইলের সাতটি সেতুর মধ্যে তিনটিই হচ্ছে টাঙ্গাইল সদর এলাকায়। আর সেই তিনটি সেতুর মধ্যে মাহমুদনগর সেতুটি স্থানীয়দের কাছে দীর্ঘদিনের প্রত্যাশার প্রতীক ছিল। টাঙ্গাইল শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদীবেষ্টিত মাহমুদনগর ইউনিয়নের প্রায় ২৪টি গ্রামের ৩০ হাজার মানুষ ছাড়া, নাগরপুর ও চৌহালী উপজেলার বাসিন্দারা এই সেতুর অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন।

বিশেষ করে বর্ষায় ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় এবং শুকনো মৌসুমে বিস্তীর্ণ বালুচর পেরিয়ে নদী পার হতে হচ্ছে। এতে রোগীকে হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের যাতায়াত ও কৃষিপণ্য বাজারজাতকরণে ভোগান্তি পোহাতে হয়। সেতুটি নির্মিত হলে টাঙ্গাইল সদর, নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হবে। পাশাপাশি প্রায় ৩০ কিলোমিটার পথ সাশ্রয় হতে পারে বলে আশা স্থানীয়দের।

কাতুলী ইউনিয়নের এসডিএস এলাকায় ধলেশ্বরী নদীর ওপর সেতু নির্মিত হলে পশ্চিম টাঙ্গাইলের কয়েকটি ইউনিয়ন ও সিরাজগঞ্জের চৌহালী অঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে। এছাড়া, হুগড়া ইউনিয়নের কাশিনগর সেতু আশপাশের এলাকার শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের উপজেলা শহরে যাতায়াতের দুর্ভোগ কমাবে। তিনটি সেতু বাস্তবায়িত হলে এলাকার কৃষি, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মাহমুদুল হাসানের বাড়ী ছাড়াও অনেক খ্যাতিমান মানুষের বাসবাস রয়েছে এই চলাঞ্চলে। একসময়ের জনপ্রিয় চেয়ারম্যান মরহুম আব্দুল করিম তালুকদার ও নির্লোভ ব্যাক্তিত্ব মরহুম রজব আলী সরকার এই এলাকারই মানুষ ছিলেন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যাপক আব্দুল বাতেন বলেন, ধলেশ্বরী  নদীর ওপর সেতু না থাকায় এলাকার মানুষের সমস্যার অন্ত নাই। এখানে কৃষকের উৎপাদিত সব পন্য শহরে বিক্রি হয়। সীমাহীন কষ্ট ও অধিক ব্যয়ে ঘোড়াগাড়ীতে করে শহরে পণ্য পরিবহন করতে হয়।

স্থানীয় বাসিন্দরা বলছেন, চরাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন টাঙ্গাইল-৫ আসনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল। নির্বাচনী জনসভায় তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে মাহমুদনগর ও কাশিনগরে সেতু নির্মাণসহ টাঙ্গাইলবাসীর সাতটি উন্নয়ন দাবি তুলে ধরেছিলেন। তারেক রহমানও দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। এ ছাড়া প্রয়াত মাহমুদুল হাসানের রাজনৈতিক স্বপ্নের কথাও স্মরণ করেছিলেন টুকু। মাহমুদনগরে সেতু নির্মাণ ও যমুনা নদীর পাশে বেড়িবাঁধ স্থাপন ছিল তার অন্যতম প্রত্যাশা। দায়িত্ব পালনের সুযোগ পেলে এসব কাজ সম্পন্ন করাকে নিজের নৈতিক দায়িত্ব হিসেবে দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন সুলতান সালাহ উদ্দিন টুকু। 

বুধবার তিনটি সেতু নির্মাণের প্রকল্প অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর টাঙ্গাইল সদরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে উচ্ছ্বাস করতে দেখা গেছে। তারা বলছেন, স্বাধীনতার পর পাঁচ দশকেরও বেশি সময় ধরে যে দাবি পূরণ হয়নি, তা বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়া নিঃসন্দেহে বড় অর্জন।

প্রবীন ব্যক্তিরা বলছেন, মাহমুদনগরসহ পশ্চিম টাঙ্গাইলের মানুষের যোগাযোগ দুর্ভোগ দীর্ঘদিনের হলেও তা সমাধানে কার্যকর উদ্যোগের অভাব ছিল। এখন নির্বাচনী প্রতিশ্রুতিকে অগ্রাধিকার দিয়ে সেতু নির্মাণের প্রকল্প অনুমোদনের পর্যায়ে নিয়ে যাওয়ায় প্রতিমন্ত্রী টুকুর প্রতি তাদের আস্থা বেড়েছে। প্রতিশ্রুতি বাস্তবায়নে এমন উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার উন্নয়ন আরও এগিয়ে যাবে।

টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন বলেন, একনেকে টাঙ্গাইলের সাতটি সেতু অনুমোদন পেয়েছে। এর মধ্যে তিনটি টাঙ্গাইল সদরে, সখীপুরে একটি, বাসাইলে দুটি এবং ধনবাড়ীতে একটি। সবচেয়ে বড় তিনটি সেতুই টাঙ্গাইল সদরে। প্রকল্প অনুমোদনের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু গণমাধ্যমে বলেছেন, ‘টাঙ্গাইল সদরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এটি একটি বড় অগ্রগতি। মাহমুদনগর, এসডিএস ও কাশিনগর এলাকার মানুষের দুর্ভোগ দীর্ঘদিনের। নির্বাচনের আগে তাঁদের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। এ জন্য ধলেশ্বরী সেতু নির্মিত হলে পশ্চিম টাঙ্গাইল চরাঞ্চলের মানুষের যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে। এলাকার মানুষের আস্থার মর্যাদা রক্ষায় উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবে ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যাপক আব্দুল বাতেন জানিয়েছেন। 

এদিকে টাঙ্গাইল সদর উপজেলার ১২ নং মাহমুদনগর ইউনিয়নে বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ স্থানীয়দের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন। টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ সুলতান সালউদ্দিন টুকু ভাইয়ের নির্বাচনী ওয়াদার অংশ হিসেবে মাহমুদনগর ধলেশ্বরী ব্রিজ প্রকল্প পাস হওয়ার খবরে এই আনন্দ উদযাপন করা হয়। ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ জানান, এমপির ওয়াদা অনুযায়ী ব্রিজটি পাস হওয়ায় এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে। এ উপলক্ষে তিনি ইউনিয়নের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন।

aliul / aliul

Link Copied