
মহালছড়িতে আওয়ামী লীগ এর নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ণ

সারাদেশব্যাপী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অরাজকতা, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে খাগড়াছড়ির মহালছড়িতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (২২ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মহালছড়ি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে মিছিল-পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল সাত্তার।
এ সময় বক্তারা সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অরাজকতা, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রতিবাদ কর্মসূচিতে মহালছড়ি উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহালছড়ি উপজেলা বিএনপির ঐক্যবদ্ধ অবস্থান ও সাংগঠনিক তৎপরতার চিত্র ফুটে ওঠে।



















