বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

মসলা চাষে নীরব বিপ্লব বদলে যাচ্ছে অর্থনীতি

reporter

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০৪:২৪ অপরাহ্ণ


মসলা চাষে নীরব বিপ্লব বদলে যাচ্ছে অর্থনীতি

দেশে মসলা ফসলের উৎপাদন বাড়াতে উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের 'মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ (১ম সংশোধিত)' শীর্ষক প্রকল্প। ২০২২ সালের জুলাইয়ে শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালের ৩০ জুন। ইতোমধ্যে প্রকল্পের চার বছর পেরিয়ে পঞ্চম বছরে চলমান কার্যক্রমের আর মাত্র সাত মাস বাকি। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, বস্তায় আদা চাষ, বারি জিরা-১, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মরিচের আবাদ সম্প্রসারণসহ বিভিন্ন উদ্যোগে দেশে মসলা উৎপাদনে ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে প্রকল্পের লক্ষ্য পুরোপুরি অর্জন এবং উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে দ্বিতীয় সংশোধনীর প্রয়োজন হতে পারে। মসলার উন্নত জাত, প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রযুক্তি সম্প্রসারণ: এ বিষয়ে প্রকল্প পরিচালক মো. মাসুদুর রহমান সকালের সময়কে বলেন, বাংলাদেশে মসলা ফসলের আমদানিনির্ভরতা কমিয়ে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই এ প্রকল্পের মূল লক্ষ্য। এ লক্ষ্যে বসতবাড়ি, ফাঁকা জায়গা ও পতিত জমিতে মসলা ফসলের আবাদ সম্প্রসারণের পাশাপাশি বিদ্যমান শস্য নিবিড়তার সঙ্গে মসলা ফসল যুক্ত করে ৫ শতাংশ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ
করা হয়েছে। একই সঙ্গে উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে উৎপাদনশীলতা ৫ শতাংশ বাড়ানো এবং মসলা ফসলের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বহুমুখী ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পের আওতায় দেশের ১১০টি উপজেলায় এবং ২৫টি হর্টিকালচার সেন্টারে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে বস্তায় আদা চাষ দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রকল্পের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সারা দেশে প্রায় ৫৬ লাখ বস্তায় আদা চাষ হয়েছে। পাশাপাশি জমিতে বারি আদা-১, বারি আদা-২ ও বারি আদা-৩ এবং পাহাড়ি এলাকায় পাহাড়ি আদার আবাদ সম্প্রসারিত হয়েছে।

মসলা উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি করেছে জিরা চাষ। দেশের বাজারে জিরার আমদানিনির্ভরতা কমানোর লক্ষ্যে মসলা গবেষণা কেন্দ্র উদ্ভাবিত বারি জিরা-১ কৃষক পর্যায়ে সম্প্রসারণ করা হচ্ছে। প্রকল্প পরিচালকের ভাষ্য অনুযায়ী, জাতটি ইতোমধ্যে কৃষকদের মধ্যে জনপ্রিয়তা পেতে শুরু করেছে। চলতি বছরে ১৩০ বিঘা জমিতে বারি জিরা-১ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।

মসলা ফসলের চারা উৎপাদন ও সম্প্রসারণে প্রকল্পের আওতায় ১৩৫টি স্বল্পমূল্যের পলিশেড নির্মাণ করা হয়েছে। এসব পলিশেডে বিভিন্ন মসলা ফসলের চারা উৎপাদন করা হচ্ছে। এ ছাড়া দেশের ২৫টি হর্টিকালচার সেন্টারে দারু-ি চনি, তেজপাতা ও গোলমরিচের মাতৃবাগান তৈরি করা হয়েছে। প্রশিক্ষণ গ্রহণের পর কৃষকরা এসব কেন্দ্র থেকে কাটিং সংগ্রহ করে নিজেদের জমিতে চাষ সম্প্রসারণ করছেন।

গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনেও প্রকল্পের অবদান রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। গত চার বছরে কৃষকদের মধ্যে পেঁয়াজের কন্দ সরবরাহ করা হয়েছে। এর মাধ্যমে উৎপাদিত পেঁয়াজ ইতোমধ্যে বাজারে স্থান করে নিয়েছে। পাশাপাশি গ্রীষ্মকালীন মরিচের চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। কাঁচা মরিচের আমদানিনির্ভরতা কমাতে প্রকল্পের আওতায় ১০ হাজার হেক্টর জমিতে গ্রীষ্মকালীন মরিচ চাষ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এদিকে পান ও চুইঝালের কাটিং সরবরাহের পাশাপাশি নতুন মসলা ফসল সম্প্রসারণেও কাজ চলছে। কালো এলাচের জাত সম্প্রসারণ নিয়ে গবেষণা চলছে এবং সাদা এলাচ নিয়েও গবেষণা করছেন মসলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। নারী কৃষকদের মধ্যেও মসলা চাষের আগ্রহ বাড়ছে। প্রকল্পের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ১৫ থেকে ২০ শতাংশ নারী কৃষক প্রশিক্ষণ পেয়েছেন। প্রশিক্ষণ শেষে তারা নিজেদের বসতবাড়িতে মসলা ফসল চাষে উদ্যোগী হয়েছেন।

প্রকল্পের আওতায় কুষ্টিয়া সদর উপজেলায় একটি মডেল মসলা গ্রাম স্থাপন করা হয়েছে। সেখানে তেজপাতা ও দারুচিনির গাছ রোপণের পাশাপাশি বসতবাড়ির আশপাশে দারুচিনি, তেজপাতা, গোলমরিচ ও চুইঝালের চারা লাগানো হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের অংশ হিসেবে গ্রামটিতে আধুনিক সেচব্যবস্থা, নেট হাউস, পাওয়ার স্প্রেয়ার, হ্যান্ড স্প্রেয়ার, পিএইচ মিটার ও এনপিকে মিটার বিতরণ করা হয়েছে। জমির আর্দ্রতা ধরে রাখতে মালচিং প্রযুক্তি এবং মাটির ক্ষয়রোধ ও উর্বরতা বৃদ্ধির বিভিন্ন পদ্ধতিও সম্প্রসারণ করা হয়েছে। এ ছাড়া ২৫টি হর্টিকালচার সেন্টারের অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। বাউন্ডারি ওয়াল নির্মাণ, ভূমি উন্নয়ন, গার্ড শেড ও নার্সারি শেড নির্মাণের মাধ্যমে কেন্দ্রগুলোর কর্মপরিবেশ উন্নত করা হয়েছে।

উৎপাদন বেড়েছে, কমেছে আমদানিনির্ভরতা: প্রকল্পের দেওয়া উৎপাদন পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের তুলনায় ২০২৫ সালে দেশের প্রধান কয়েকটি মসলা ফসলের উৎপাদন বেড়েছে।

মসলা ফসলের আনুপাতিক হিসাব: ২০২২ সালে পেঁয়াজ উৎপাদন হয় ৩৬.৪০ লাখ মেট্রিক টন, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৪৯.৭০ লাখ মেট্রিক টনে। আদা: ২০২২ সালে ২.২০ লাখ মেট্রিক টন, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ২.৫৫ লাখ মেট্রিক টনে।

রসুন: ২০২২ সালে উৎপাদন হয় ৭.৭০ লাখ মেট্রিক টন, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৮.৪৮ লাখ মেট্রিক টনে।

মরিচ: ২০২২ সালে উৎপাদন হয় ৫.০০ লাখ মেট্রিক টন, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৭.০০ লাখ মেট্রিক টনে।

কালোজিরা: ২০২২ সালে উৎপাদন হয় ০.১২ লাখ মেট্রিক টন, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ০.১৩ লাখ মেট্রিক টনে।

পরিসংখ্যানে দেখা যায়, পেঁয়াজ, আদা, রসুন, মরিচ ও কালোজিরার উৎপাদনে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। বিশেষ করে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির ফলে আমদানির চাপ কমানোর সুযোগ তৈরি হয়েছে। তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রায় ৪ লাখ ৭৩ হাজার ৮১১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল। ২০২৫-২৬ অর্থবছরে আমদানির পরিমাণ কমে প্রায় ৮৬ হাজার ৩৯৯ মেট্রিক টনে দাঁড়ায়।

প্রকল্পের অগ্রগতি ৮৬ শতাংশ, প্রয়োজন দ্বিতীয় সংশোধনী: প্রকল্প পরিচালকের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রকল্পের আর্থিক অগ্রগতি ৮৬ শতাংশ এবং ভৌত অগ্রগতি ৯০ শতাংশ। নির্ধারিত লক্ষ্যের বিপরীতে ৪ শতাংশ শস্য নিবিড়তা অর্জিত হয়েছে। একই সঙ্গে উৎপাদন খরচ ৫ শতাংশ কমানোর অগ্রগতির কথাও জানিয়েছেন তিনি।

মাসুদুর রহমান বলেন, বাংলাদেশে মসলা ফসলের উৎপাদন বাড়াতে গবেষণা ও সম্প্রসারণ-দুই পর্যায়েই কাজ চলছে। তবে উৎপাদনের এই ধারা ধরে রাখতে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ, সময়মতো উন্নতমানের বীজ ও কাটিং সরবরাহ এবং আধুনিক সংরক্ষণব্যবস্থা গড়ে তোলা জরুরি। মসলা ফসলের উৎপাদন ও বাজারজাতকরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সঠিকভাবে উৎপাদন সম্প্রসারণ, কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা এবং সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সুবিধা নিশ্চিত করা গেলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে পেঁয়াজ ও আদা রপ্তানির সম্ভাবনা তৈরি হতে পারে। অন্যান্য মসলা ফসলের আবাদও আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ লক্ষ্য বাস্তবায়নে প্রকল্পটির দ্বিতীয় সংশোধনীর বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

কৃষিপ্রধান বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং মসলা প্রক্রিয়াজাতকরণ শিল্পের সম্প্রসারণের কারণে মসলার চাহিদা ক্রমেই বাড়ছে। প্রসাধনী, পারফিউমারি ও ভেষজ ওষুধশিল্পেও বিভিন্ন মসলার ব্যবহার রয়েছে। ফলে শুধু উৎপাদন বাড়ানোই নয়, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা, ফসলের অপচয় রোধ, আধুনিক সংরক্ষণাগার নির্মাণ এবং প্রক্রিয়াজাতকরণ শিল্পের সঙ্গে কৃষকের সংযোগ স্থাপনও জরুরি।

সব মিলিয়ে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প দেশের মসলা উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগে অবশিষ্ট কার্যক্রম বাস্তবায়ন, অর্জিত প্রযুক্তির স্থায়িত্ব নিশ্চিত করা এবং কৃষক পর্যায়ে সম্প্রসারণ কার্যক্রম অব্যাহত রাখাই এখন বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় সংশো-ধনীর মাধ্যমে প্রয়োজনীয় সময় ও কার্যক্রমের সুযোগ তৈরি করা গেলে দেশের মসলা উৎপাদন বৃদ্ধি এবং আমদানিনির্ভরতা কমানোর লক্ষ্য অর্জনে প্রকল্পটি আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

এমএসএম / এমএসএম

Link Copied