রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

logo

ভবদহের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চালুর দাবি, আন্দোলনের হুঁশিয়ারি

reporter

মতিন গাজী

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ণ


ভবদহের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চালুর দাবি, আন্দোলনের হুঁশিয়ারি

যশোরের অভয়নগরসহ ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে টেকসই উদ্যোগ গ্রহণের দাবি উঠেছে। এ সংকট থেকে মুক্তি পেতে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) প্রকল্প বাস্তবায়ন এবং আমডাঙ্গা খাল সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয়রা। দ্রুত এসব দাবি কার্যকর না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। রবিবার (২২ নভেম্বর) দুপুরে অভয়নগর উপজেলার মাইলপোস্ট এলাকায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব দাবি জানান। ‘ভবদহ জলাবদ্ধতার সমকালীন সমস্যা ও সম্ভাবনা: সংকট সমাধানে করণীয়’ শীর্ষক সভাটির আয়োজন করে ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোট। এতে সহযোগিতা করে বেলা। সভায় সভাপতিত্ব করেন ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সভাপতি আব্দুল মতলেব সরদার। বক্তব্য দেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম এহিয়া, পরিচালক এস এম ফারুক হোসেন, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আক্তার ফারুক মিন্টু, বেলার পরিকল্পনা কর্মী মাহফুজুর রহমান মুকুর, সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, বিএনপি নেতা মোল্যা হাবিবুর রহমান ও নূর জালাল এবং শিক্ষক হাবিবুর রহমানসহ অন্যরা। ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল লতিফের সঞ্চালনায় সভায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, এনজিওকর্মী, সাংবাদিক, শিক্ষার্থী এবং জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা অংশ নেন। সভায় বক্তারা বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা কেবল জনজীবন নয়, কৃষি ও স্থানীয় অর্থনীতির ওপরও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে। এ দুর্ভোগ থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ জন্য টিআরএম প্রকল্প চালু এবং আমডাঙ্গা খাল পুনঃখনন ও সংস্কারের দাবি জানান তাঁরা। বক্তারা আরও বলেন, দীর্ঘদিনের এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় দাবি আদায়ে কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।

মতিন গাজী / এমএসএম

Link Copied