
গোদাগাড়ীতে দুই বিদেশি পিস্তল ও গুলিসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ণ

রাজশাহীর গোদাগাড়ীতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড তাজা গুলিসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সাইরহল গ্রামের মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মো. শাহীন আলী (৩৬) ও তার স্ত্রী মোছা. পিংকি খাতুন (২৮)।
শনিবার (২১ নভেম্বর) সকালে রাজশাহী জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কর্মকর্তারা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ব্যাটারিচালিত থ্রি-হুইলার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় শাহীন আলীর জিন্স প্যান্টের দুই পাশের পকেট থেকে ‘মেড ইন ইউএসএ’ লেখা ৭.৬৫ মিমি দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, অস্ত্রগুলো খুলনায় নিয়ে যাওয়া হচ্ছিল। তবে সেখানে কার কাছে অস্ত্রগুলো হস্তান্তর করার কথা ছিল, সে বিষয়ে তারা জানেন না বলে দাবি করেন।
পুলিশের ভাষ্য, অস্ত্র পাচারে চক্রটি ‘কাট-আউট’ পদ্ধতি অনুসরণ করছিল। এ পদ্ধতিতে নেটওয়ার্কের এক স্তরের সদস্য অন্য স্তরের সদস্যদের পরিচয় সম্পর্কে অবগত থাকে না। খুলনায় পৌঁছানোর পর মুঠোফোনে নতুন নির্দেশনা দিয়ে অস্ত্রের প্রাপক নির্ধারণের পরিকল্পনা ছিল।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কালীগঞ্জ এলাকার আরেক শাহীন আলী (৫৬) জড়িত বলে তথ্য পেয়েছে পুলিশ। তিনি সীমান্ত এলাকা থেকে অস্ত্র সরবরাহ করেন বলে জানানো হয়। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শাহীন আলীর বিরুদ্ধে ২০১৮ সালে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি, বিশেষ ক্ষমতা আইনে একটি এবং ঢাকার সূত্রাপুর থানায় মাদক আইনে একটি মামলা রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এ) ধারায় মামলা করা হয়েছে। অস্ত্রের মূল সরবরাহকারী, খুলনার সম্ভাব্য প্রাপক এবং পুরো চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।



















