
দুর্গাপুরে সন্ত্রাসবিরোধী অভিযানে যুবলীগ নেতা দুলাল গ্রেপ্তার
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৪:২৯ অপরাহ্ণ

রাজশাহীর দুর্গাপুরে সন্ত্রাসবিরোধী আইনে পরিচালিত অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম দুলাল হোসেন (৪০)। তিনি উপজেলার কিসমত গণকৌড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ইউনিয়নের গণকৈড় গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দুলাল হোসেন গণকৈড় গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে দুর্গাপুর থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মজিদ জানান, সন্ত্রাসবিরোধী আইনে দুলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় বাগমারার সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের নেতৃত্বে আন্দোলনকারীদের ওপর হামলায় দুলাল হোসেনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে তাঁর অংশগ্রহণ এবং সাবেক ওই সংসদ সদস্যের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিগত সময়ে এলাকায় সাধারণ মানুষকে মারধর, জমি দখল, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা ছিল। একসময় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করলেও যুবলীগের পদ পাওয়ার পর তাঁর সম্পদ ও আর্থিক অবস্থার দ্রুত পরিবর্তন ঘটে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিন আত্মগোপনে থাকার পর আবারও এলাকায় প্রকাশ্যে এসে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করার অভিযোগ রয়েছে দুর্গাপুর থানায় তাঁর বিরুদ্ধে। আগামী ডিসেম্বর মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের নিয়ে গোপনে বৈঠক করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, “দুলাল হোসেনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অন্তত চারটি অভিযোগ রয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



















