
দুই মাসেও তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি, বহাল তবিয়তে তহশিলদার
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৪:২৬ অপরাহ্ণ

তদন্ত কমিটি গঠনের দুই মাস পেরিয়ে গেলেও সাভারের রাজফুলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে এখনো কোনো প্রতিবেদন জমা পড়েনি। আর এ সুযোগে অভিযুক্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এতে ক্ষোভ বাড়ছে ভুক্তভোগী ও স্থানীয়দের মধ্যে।
ভূমি অফিসটিতে ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দালালের দৌরাত্ম্য নিয়ে গত সেপ্টেম্বর মাসে একাধিক পত্রিকায় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে জেলা প্রশাসন তদন্তের উদ্যোগ নিলেও সেই তদন্তই এখন ঝুলে আছে।
গত ২৭ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকার রাজস্ব শাখা থেকে জারি করা এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠন করা হয়। দৈনিক আগামীর সময় পত্রিকায় প্রকাশিত “রাজফুলবাড়িয়া ভূমি অফিসে দালালের দৌরাত্ম্য, আবার এক তহশিলদারই বারবার” শিরোনামের সংবাদটি ওই আদেশে উল্লেখ করা হয়। প্রকাশিত সংবাদের বিষয়ে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলা হয়।
একই আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।
এর আগে ২২ সেপ্টেম্বর দৈনিক যায়যায়দিনের প্রিন্ট সংস্করণে “দুর্নীতির আখড়া রাজফুলবাড়িয়া ভূমি অফিস” শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। তাতে আদালতের নিষেধাজ্ঞা না মেনে নামজারি এবং সংরক্ষিত রুমে বহিরাগতদের অবাধ যাতায়াতের অভিযোগ তোলা হয়।
একই দিন দৈনিক সকালের সময় পত্রিকায় “সাভারের রাজফুলবাড়িয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া” এবং দৈনিক সংবাদ পত্রিকার অনলাইনে “ভূমি অফিসে দালাল রাজত্ব, জিম্মি সাধারণ মানুষ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরদিন ২৩ সেপ্টেম্বর দৈনিক আগামীর সময়ের অনলাইনে তহশিলদারকে নিয়ে আরেকটি প্রতিবেদন প্রকাশ হয়।
আজ ২২ নভেম্বর সংবাদ প্রকাশের দুই মাস পূর্ণ হলো। কিন্তু তদন্ত প্রতিবেদন এখনো জমা পড়েনি। ভুক্তভোগীদের দাবি, তদন্ত ঝুলে থাকায় ভূমি অফিসে দালালের দৌরাত্ম্য আগের মতোই চলছে, কমেনি সাধারণ মানুষের হয়রানি। তারা দ্রুত প্রতিবেদন প্রকাশ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, দ্রুতই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
অন্যদিকে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুর রাফিউল আলম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মিডিয়ার সাথে কথা বলার অনুমতি আমার নেই।




















