
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের খাবার বিতরণ
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৩:১৯ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ফিরিঙ্গি বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
২১ নভেম্বর শনিবার সকালে নগরীর ফিরিঙ্গি বাজার এলাকায় এ খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।ফিরিঙ্গি বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহেদুল হক সোহেলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকরাম সিদ্দিক রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান আলী মান্টু।এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর মৎস্যজীবী দলের সহ-সভাপতি মো. জসিম, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহাগ, আনোয়ার ও নয়ন এবং সদস্য রাকিবসহ স্থানীয় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনুল ইসলাম জুয়েল বলেন,"রাজনীতি শুধু ক্ষমতা কিংবা পদ-পদবির মধ্যে সীমাবদ্ধ নয়। রাজনীতির অন্যতম উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।"
তিনি আরও বলেন, "সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই একটি মানবিক ও জনকল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।"




















