শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

মোহরায় আসুফ ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

reporter

সাইফুদ্দিন রমিজ

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ণ


মোহরায় আসুফ ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়ে তোলার প্রত্যয়ে চট্টগ্রাম নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহরা এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশন (আসুফ) ও বিডি ক্লিন-চট্টগ্রাম।

আজ সকাল ৯টায় আসুফ ও বিডি ক্লিন-চট্টগ্রামের যৌথ উদ্যোগে মোহরা এ এল খান রোডের রফিক ম্যানশন মোড়ে এ কর্মসূচি শুরু হয়। দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কারের মধ্য দিয়ে অভিযানের সূচনা করা হয়।

কর্মসূচির শুরুতে বিডি ক্লিন-চট্টগ্রামের স্বেচ্ছাসেবকদের শপথবাক্য পাঠ করান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশনের (আসুফ) সহকারী পরিচালক রোকন উদ্দিন। পরে তাঁর নেতৃত্বে রফিক ম্যানশন মোড় ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন আসুফের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আলী আকতার, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. রাসেল সাদমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ শামিল হাসান, পরিকল্পনা বিষয়ক সম্পাদক অনিক দাশ।

এ ছাড়া মোহরা এ এল খান রোড আবাসিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ মো. ফরিদুল আলম, সাধারণ সম্পাদক এস এম জসিম উদ্দীন, অর্থ সম্পাদক মো. ইফতেখার আলম (বাপ্পি), বিশিষ্ট সমাজসেবক মো. নজরুল ইসলাম, মানবিক কনটেন্ট ক্রিয়েটর রাশেদ ব্লগারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী ৫০ জন স্বেচ্ছাসেবকের জন্য মোহরা এ এল খান রোড আবাসিক কল্যাণ সমিতির পক্ষ থেকে নাশতার ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে আসুফের সহকারী পরিচালক রোকন উদ্দিন বলেন, “প্রকৃতি বাঁচলে, বাঁচবে দেশ। আমরা চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে পর্যায়ক্রমে বিডি ক্লিনকে সঙ্গে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করব, ইনশাআল্লাহ। সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমাদের থেকেই, পরিচ্ছন্ন হোক মোহরা, পরিচ্ছন্ন হোক চট্টগ্রাম, পরিচ্ছন্ন হোক বাংলাদেশ’—এই স্লোগানকে ধারণ করে স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে কর্মসূচিটি সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

সাইফুদ্দিন রমিজ / এমএসএম

Link Copied