
মহাকাশচারীদের স্বাস্থ্য সুরক্ষায় ‘অ্যাস্ট্রা’, রিজিওনাল জয় শেষে বিশ্বমঞ্চের পথে ‘ক্রোনোস্ট্রাইডার’
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৪:২৫ অপরাহ্ণ

নাসার আন্তর্জাতিক হ্যাকাথন ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এর বাংলাদেশ আঞ্চলিক পর্বে দ্বিতীয় রানার-আপ হয়েছে পাঁচ সদস্যের দল ‘ক্রোনোস্ট্রাইডার’। মহাকাশচারীদের স্বাস্থ্য পর্যবেক্ষণ ও জরুরি চিকিৎসাসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সহায়তার জন্য তৈরি তাদের প্রকল্প ‘অ্যাস্ট্রা—অ্যাস্ট্রোনট সেলফ-ট্রায়াজ অ্যান্ড রেডিনেস অ্যাসিস্ট্যান্ট’ এই স্বীকৃতি পেয়েছে।
বুধবার(১৮ নভেম্বর) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ- এ প্রতিযোগিদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।
‘অ্যাস্ট্রা’ মূলত মহাকাশচারীদের জন্য তৈরি একটি স্বাস্থ্য পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণে সহায়ক সফটওয়্যার ব্যবস্থা। এটি মহাকাশচারীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ, স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বিশ্লেষণ এবং প্রয়োজন অনুযায়ী করণীয় সম্পর্কে নির্দেশনা দিতে পারে। বিশেষ করে মঙ্গলগ্রহে দীর্ঘ অভিযানের মতো পরিস্থিতিতে পৃথিবীর সঙ্গে যোগাযোগে বিলম্ব বা সাময়িকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকলে মহাকাশচারীদের নিজেদের স্বাস্থ্য পরিস্থিতি বুঝতে এবং প্রাথমিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে এই ব্যবস্থা।
মহাকাশ অভিযানে বিকিরণ, মাধ্যাকর্ষণহীনতা, ঘুমের সমস্যা, বিচ্ছিন্নতা ও সীমিত চিকিৎসাসুবিধার কারণে মহাকাশচারীরা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। পৃথিবী থেকে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের তাৎক্ষণিক সহায়তা পাওয়াও কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতি বিবেচনায় তৈরি করা হয়েছে ‘অ্যাস্ট্রা’। এটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসূচক পর্যবেক্ষণের পাশাপাশি অস্বাভাবিক পরিবর্তন শনাক্ত করতে পারে। একই সঙ্গে কখন প্রাথমিক ব্যবস্থা নিতে হবে এবং কখন ক্রু মেডিকেল অফিসার বা পৃথিবীর চিকিৎসা দলের সহায়তা প্রয়োজন, সে বিষয়ে নির্দেশনা দেয়।
প্রকল্পটির অন্যতম বিশেষত্ব হলো, এটি শুধু স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সংগ্রহেই সীমাবদ্ধ নয়। প্রত্যেক মহাকাশচারীর ব্যক্তিগত স্বাস্থ্য-ইতিহাস ও পূর্ববর্তী পরিমাপের সঙ্গে বর্তমান তথ্য তুলনা করে ব্যক্তিভেদে স্বাস্থ্যগত পরিবর্তন শনাক্ত করতে পারে। পাশাপাশি একাধিক মহাকাশচারীর মধ্যে একই ধরনের উপসর্গ দেখা দিলে মহাকাশযানের পরিবেশগত সমস্যার সম্ভাবনাও বিবেচনায় নেয়।
এতে রয়েছে জরুরি চিকিৎসা পদ্ধতি, স্বাস্থ্যগত প্রবণতা বিশ্লেষণ, ব্যক্তিগত ব্যায়াম পরিকল্পনা, বিভিন্ন মহাকাশ-পরিবেশ অনুযায়ী স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং যোগাযোগে বিলম্ব বিবেচনায় চিকিৎসাসংক্রান্ত বার্তা ব্যবস্থাপনার সুবিধা।
প্রযুক্তিগত দিক থেকে প্রকল্পটিতে ব্যবহার করা হয়েছে নেক্সট জেএস, টাইপস্ক্রিপ্ট, থ্রি জেএস, পাইথন, ফাস্টএপিআই, এসকিউএলাইট ও এনভিডিয়া নেমোট্রন। পাশাপাশি নাসার জেপিএল হরাইজনস, ওপেন সায়েন্স ডেটা রিপোজিটরি, ডনকি এবং হিউম্যান রিসার্চ প্রোগ্রামের তথ্য ও গবেষণা ব্যবহার করা হয়েছে।
স্বাস্থ্যগত ঝুঁকি নির্ধারণের ক্ষেত্রে প্রকল্পটির মূল সিদ্ধান্ত গ্রহণ করে পরীক্ষিত নিয়মভিত্তিক ব্যবস্থা। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ব্যাখ্যা ও বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সহায়তা করে। ফলে স্বাস্থ্য সতর্কতা তৈরি বা বাতিলের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর সরাসরি নির্ভর করতে হয় না।
প্রকল্পটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, নাসা থেকে সংগৃহীত প্রয়োজনীয় তথ্য আগে থেকেই সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। ফলে মহাকাশযানে ব্যবহারের সময় মূল স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা সচল রাখতে সরাসরি ইন্টারনেট বা পৃথিবীর সার্ভারের ওপর নির্ভর করতে হবে না। প্রকল্পটির কার্যকারিতা যাচাইয়ে পাইথন পাইটেস্ট ব্যবহার করে ১৫১টি স্বয়ংক্রিয় পরীক্ষাও সম্পন্ন করেছে দলটি।
দলটি জানায়, মূল হ্যাকাথন ১৩ ও ১৪ নভেম্বর দুই দিন ধরে অনুষ্ঠিত হয়। এ সময়ের মধ্যে প্রকল্পটির মূল নমুনা সংস্করণ তৈরি, বিভিন্ন সুবিধা সমন্বয়, পরীক্ষা ও উপস্থাপনার কাজ সম্পন্ন করা হয়। তবে প্রাথমিক গবেষণা ও প্রস্তুতি শুরু হয়েছিল সেপ্টেম্বর মাস থেকেই।
দলের সদস্যদের মধ্যে আবদুর রহমান ফাহাদ দল ও প্রকৌশল নেতৃত্বের দায়িত্ব পালন করেন। মোহাম্মদ ইরফান তথ্য প্রকৌশল, সাদিয়া সুলতানা পূর্ণিমা ব্যবহারকারী ইন্টারফেস ও অভিজ্ঞতা কৌশল, মারিয়া নুসরাত পণ্য সমন্বয় এবং মো. হৃদয় ভিডিও ও গল্প উপস্থাপনার দায়িত্বে ছিলেন।
দলনেতা আবদুর রহমান ফাহাদ বলেন, ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর কুমিল্লা পর্বে দ্বিতীয় রানার-আপ হওয়া আমাদের পুরো দলের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। অ্যাস্ট্রা তৈরির ধারণা এসেছে মহাকাশ অভিযানে পৃথিবী থেকে চিকিৎসাসহায়তা পেতে দীর্ঘ সময় লাগার বাস্তবতা থেকে। আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করতে চেয়েছি, যা মহাকাশচারীদের নিজেদের স্বাস্থ্য পরিস্থিতি বুঝতে এবং পৃথিবীর সঙ্গে যোগাযোগ ছাড়াও প্রাথমিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। ভবিষ্যতে মহাকাশ গবেষক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রকল্পটির নির্ভুলতা বাড়ানো, বাস্তব স্বাস্থ্য পর্যবেক্ষণ যন্ত্রের সঙ্গে সংযুক্ত করা এবং এটিকে আরও কার্যকর পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’
উল্লেখ্য, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী, গবেষক, প্রযুক্তিবিদ ও উদ্ভাবকদের অংশগ্রহণে আয়োজিত একটি আন্তর্জাতিক হ্যাকাথন। ২০২৬ সালে বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ মোট নয়টি শহরে পৃথক আঞ্চলিক আয়োজন অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ে এবারের আয়োজনে ৪ হাজার ৬৫৭ জন নিবন্ধিত প্রতিযোগী এবং ৬০০টির বেশি দল অংশ নেয়।
কুমিল্লা আঞ্চলিক পর্বে দ্বিতীয় রানার-আপ হলেও এখনো দলটির বৈশ্বিক মনোনয়নের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। স্থানীয় পর্যায়ের ফলাফলের পর নির্বাচিত প্রকল্পগুলো আন্তর্জাতিক পর্যায়ের বিচারপ্রক্রিয়ার জন্য বিবেচিত হবে।






















