শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

চৌগাছা পৌর এলাকার এক কিলোমিটার সড়ক মরণফাঁদ

reporter

ইমাম হোসেন সাগর

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৪:২৬ অপরাহ্ণ


চৌগাছা পৌর এলাকার এক কিলোমিটার সড়ক মরণফাঁদ

চৌগাছা-কোটচাদপুর সড়কের উপজেলা পরিষদের সামনে হতে তরিকুল ইসলাম পৌর কলেজ পর্যন্ত এক কিলোমিটার সড়ক চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। বছরের পর বছর ধরে সড়কটি সংস্কার না করার কারনে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি মনে করছেন ভুক্তভোগী এলাকাবাসি। পৌর এলাকায় সড়কের অবস্থান হওয়ায় পথচারীরা পৌরসভাকে দায়ি করে যাচ্ছেন, কিন্তু সড়কটি সড়ক ও জনপদ বিভাগের বলে জানা গেছে।
বছরের পর বছর সড়কটি করা হয়নি মেরামত ,যে কারণে ইট পাথর খোয়া উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। গত দুইদিনের টানা বৃষ্টিতে এ সব গর্তে পানিতে একাকার। গর্তের ভিতর যানবাহন পড়ে হচ্ছে বিকল আবার অনেকে দুর্ঘটনায় পড়ছেন।
শুক্রবার সকালে সড়কটিতে যেয়ে দেখা গেছে, অধিক সতর্কতা নিয়ে মানুষ সড়ক দিয়ে চলাচল করছেন। একটি ইজিবাইক বিকল হয়ে পড়ে আছে। এ সময় কথা হয় বিকল ইজিবাইক চালক কবির উদ্দিনের সাথে। তিনি বলেন, জীবননগর হতে যাত্রী নিয়ে চৌগাছায় আসার পথে এই পরিস্থিতি। ভাঙ্গা গর্তের ভিতরে পড়ে ভেঙে গেছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি কেন মেরামত হচ্ছে না তা জানা নেই। পথচারী হোসেন আলী, আজিজুর রহমান, মো: বাবু বলেন, পৌরসভার ভিতরে এমন রাস্তা কোন ভাবেই মেনে নেয়া যায় না। পৌরসভার সড়ক হলে পৌরসভা কাজ করুন আর সড়ক ও জনপদ বিভাগের সড়ক হলে তারা করুক কিন্তু কেন সংস্থার করা হচ্ছে না। স্থানীয় ব্যবসায়ী সামছুর রহমান বলেন, বৃষ্টির কারনে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। একটি যানবাহন গেলে কাদা পানি ছিটকে দোকানের ভিতরে চলে আসছে। বাস চালক রেজাউল ইসলাম বলেন, অনেক বাস মালিক সড়কটির বেহালদশার কারনে এই সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটু বলেন, সড়কটি দ্রুতই মেরামত করা দরকার। কলেজের শিক্ষার্থীরা নিদারুন কষ্ট করে কলেজে আসা যাওয়া করে।
পৌর নির্বাহী অফিসার মোশাররফ হোসেন বলেন, সড়কটি সড়ক ও জনপদ বিভাগের। তারা কোটচাঁদপুর হতে তরিকুল ইসলাম পৌর কলেজ পর্যন্ত কাজ করে আর সামনের দিকে আসেনি। চালাচলের অনুপযোগী হয়ে পড়ায় আমরা বেশ কয়েকবার ইট বালি ফেলে রোলার করে দিয়েছি। বৃষ্টির কারনে সড়কটির অবস্থা বেজায় খারাপ হয়ে পড়েছে।
ইমাম হোসেন সাগর
০১৭৪৩-১১৬৬৬০

ইমাম হোসেন সাগর / এমএসএম

Link Copied