
রায়গঞ্জে বিএনপির মনোনয়ন কার্যক্রম শুরু, আ. লীগকে নিয়ে এমপি আয়নুলের কড়া হুঁশিয়ারি
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৪:২৫ অপরাহ্ণ

বক্তব্য দিচ্ছেন সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার ভূঞাগাতী বাসস্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য মো. ভিপি আয়নুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, ‘যারা যোগ্য, তারাই মনোনীত হবেন। আমি গত ৪০ বছর ধরে রাজপথে ছিলাম। রাজপথ কখনোই কাউকে ফাঁকি দেয়নি। আমার রাজপথের কাজ থেকেই দল আমাকে মনোনীত করেছিল। আপনারা ভোট দিয়ে এমপি বানিয়েছেন। আমরা ভোট চুরি করে আসিনি, জনগণের ভোট নিয়ে ক্ষমতায় এসেছি।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন যেখানেই বের হয়ে আন্দোলন-সংগ্রামে জড়িত হবে, সেখানেই প্রতিহত করতে হবে। যেখানেই আওয়ামী লীগ পাবেন, তাকে বেঁধে পিটিয়ে পুলিশে দেবেন। আর কোনো ছাড় নয়। অনেক সহ্য করেছি। যারা জ্বালাও-পোড়াওসহ আন্দোলন করবে, তাদের বেঁধে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেবেন।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নের নামে লুটপাট করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ হাজার কোটি টাকা চুরি করে দেশ থেকে পালিয়ে গেছেন। চোরের দল আওয়ামী লীগ, খুনির দল আওয়ামী লীগ। যারা অন্যায় করেছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। যারা আওয়ামী লীগ করতে চান, তারা গোপালগঞ্জে চলে যান।’
ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে স্ট্যাটাস দেওয়া ব্যক্তিদেরও গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘যারা ফেসবুকে স্ট্যাটাস দেবে, তাদেরও গ্রেপ্তার করতে হবে।’
পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এমপি আয়নুল বলেন, ‘আমার ভদ্রতা দেখেছেন, অভদ্রতা দেখেন নাই। আমি রাজপথ থেকে আন্দোলনের মধ্যে থেকে উঠে এসেছি। পুলিশের যেভাবে চলাফেরা, তা আমার পছন্দ না। এই জনগণ নিয়েই কিন্তু আমি মোকাবিলা করব।’
সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খানের সভাপতিত্বে এবং সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সামছুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, রায়গঞ্জ পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন ও উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা।
এ ছাড়া উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী ব্যক্তিবর্গসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ভূঞাগাতী হাইস্কুল রোড থেকে রায়গঞ্জ উপজেলা ও সলঙ্গা থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত মিছিলটি অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।




















