শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

লকডাউনের প্রতিবাদে দাউদকান্দিতে বিএনপির মোটর শোডাউন ও বিক্ষোভ

reporter

শরিফুল ইসলাম, দাউদকান্দি

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৪:০৩ অপরাহ্ণ


লকডাউনের প্রতিবাদে দাউদকান্দিতে বিএনপির মোটর শোডাউন ও বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে কুমিল্লার দাউদকান্দিতে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

সকাল থেকেই দাউদকান্দি টোল প্লাজা এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন। পরে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বহর নিয়ে মহাসড়কের চট্টগ্রামমুখী লেন দিয়ে ইলিয়টগঞ্জের দিকে শোডাউনটি অগ্রসর হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে ইলিয়টগঞ্জ পেট্রোল পাম্প এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিগত ১৭ বছরে দেশে গুম, খুনসহ যেসব অপকর্ম করেছেন, তার বিচার হতেই হবে। কোনোভাবেই দেশের মানুষকে অতীতের স্বৈরাচারী শাসনের দিকে ফিরে যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ভিপি মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক দলের সভাপতি আহাম্মদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার ও মো. কামাল হোসেন।

এ ছাড়া কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া, কেন্দ্রীয় যুবদলের ছাত্রবিষয়ক সম্পাদক মামুন ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা যুবদলের সভাপতি শাহআলম সরকার, সদস্যসচিব রোমান খন্দকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল হোসেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন আনন্দ, জেলা ছাত্রদলের সভাপতি আসিফ কবির, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ বাসেদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি লিয়াকত আলী ও জেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য ডিএম সাদ্দামসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

এমএসএম / এমএসএম

Link Copied