
এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে ইউপিডিএফ গণতান্ত্রিকের র্যালি ও শোকসভা
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামের অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে র্যালি, ফুলেল শ্রদ্ধা ও শোকসভা করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক)।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ারে প্রভাতফেরি শেষে এমএন লারমার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা।
পরে জেলা সদরের মধুপুরে ইউপিডিএফ গণতান্ত্রিকের কার্যালয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রয়াত নেতার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিংয়ের সভাপতিত্বে শোকসভায় স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য মুকুল চাকমা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা এবং পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি লবিয়ত চাকমা।
সভাপতির বক্তব্যে সমীরণ চাকমা চার্মিং বলেন, পাহাড়ে জুম্ম জাতির চেতনার প্রতীক এমএন লারমা। নিপীড়ন ও অধিকারবঞ্চনার বিরুদ্ধে তিনি জুম্ম জাতিকে সঠিক পথ দেখিয়েছেন বলেই পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার সচেতনতা আজ এত সুসংহত। একটি কায়েমি স্বার্থান্বেষী মহল তাঁর আদর্শকে ধারণ করতে না পেরে ষড়যন্ত্রের মাধ্যমে তাঁকে হত্যা করেছে। তবে ব্যক্তিসত্তাকে হত্যা করা গেলেও তাঁর আদর্শ চিরভাস্বর হয়ে বেঁচে রয়েছে এবং তাঁর দেখানো পথেই পাহাড়ি জনগোষ্ঠীর মুক্তি নিহিত।
সভায় বক্তারা এমএন লারমার আদর্শ বুকে ধারণ করে পার্বত্য চট্টগ্রামে সকল অপশক্তিকে রুখে দিয়ে জুম্মদের অধিকার আদায়ের আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানান।




















