শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকীতে খাগড়াছড়িতে র্যালি ও স্মরণসভা

reporter

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ণ


এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকীতে খাগড়াছড়িতে র্যালি ও স্মরণসভা

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে প্রভাতফেরি, র্যালি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে চেঙ্গী স্কয়ারে প্রভাতফেরি শেষে এমএন লারমার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায় সংগঠনটি। পরে সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জেলা সদরের তেঁতুলতলায় দলীয় কার্যালয়ে শোক প্রস্তাব পাঠ ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

জেএসএস (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরার সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংশুমান চাকমা, সহ-সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক সভাপতি রবি শংকর তালুকদার এবং খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর অতীশ চাকমা।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি সুনেন্টু চাকমা ও যুব সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রতিভাস চাকমা। এ সময় আঞ্চলিক পরিষদ চেয়ারম্যানের সাবেক এপিএস বিশ্বজিৎ চাকমা এবং আদিবাসী ফোরামের খাগড়াছড়ি জেলা সভাপতি নব কুমার চাকমাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মরণসভায় বক্তারা বলেন, এমএন লারমা ছিলেন পাহাড়ে জুম্ম জাতির মুক্তির অগ্রদূত। পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তি, শিক্ষা, স্বাস্থ্য এবং স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তিনি জুম্ম জাতির অস্তিত্ব রক্ষা ও আত্মনিয়ন্ত্রণাধিকারের লড়াইয়ের মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন।

উল্লেখ্য, ১৯৮৩ সালের ১০ নভেম্বর দলীয় অভ্যন্তরীণ বিরোধ ও ষড়যন্ত্রের অংশ হিসেবে বুলেটের নির্মম আঘাতে নিহত হন মানবেন্দ্র নারায়ণ লারমা।


Link Copied