
খাগড়াছড়িতে ভোরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বিআরটিসি বাস
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলা সদরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। শনিবার (৭ নভেম্বর ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে জেলা শহরের মহাজন পাড়া এলাকায় এ নাশকতার ঘটনা ঘটে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া বিআরটিসির বাসটি নিয়মিত খাগড়াছড়ি-চট্টগ্রাম রুটে চলাচল করত। রাতে বাসটি মহাজন পাড়ায় পার্কিং করে রাখা ছিল এবং ভেতরে বাসের সহকারী ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে বাসের পেছনের অংশে আগুন ধরে গেলে ধোঁয়া ও উত্তাপ টের পেয়ে তিনি দ্রুত নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। ফলে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর ৪টার কিছু আগে বাসের পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের ভেতরের আসনসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে বাসে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার অভিযোগ করেন, এলাকায় নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের আঁধারে এ ধরনের নাশকতা ঘটিয়ে থাকতে পারে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কায় কিসলু বলেন, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




















