
পেকুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬, ০৭:০০ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে পেকুয়া উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘বি আ হ্যান্ড ওয়াশিং হিরো’ হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য হলো, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।পেকুয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করছে ইউনিসেফ, আইডিই ও অ্যাকশনএইড।
কর্মসূচিতে সঠিক নিয়মে হাত ধোয়ার বিভিন্ন ধাপ তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে পানি দিয়ে হাত ভেজানো, সাবান ব্যবহার, হাতের তালু ও পিঠ ঘষে পরিষ্কার করা, আঙুলের ফাঁক ও নখের আশপাশ ভালোভাবে পরিষ্কার করা এবং পরিষ্কার পানি দিয়ে হাত ধুয়ে নেওয়া।
অনুষ্ঠানে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ফারুক আহমেদ চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করেন, নিয়মিত ও সঠিক পদ্ধতিতে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে জীবাণুর সংক্রমণ কমানো এবং ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। জনস্বাস্থ্য সুরক্ষায় শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।




















