
লক্ষ্মীছড়ির দুর্গম বর্মাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদান
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি ইউনিয়নের বড়পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয় পাহাড়ি-বাঙালি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকাল থেকে বড়পাড়ার লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করে লক্ষ্মীছড়ি সেনা জোন। পাহাড়ি এ দুর্গম অঞ্চলে যোগাযোগব্যবস্থার প্রতিকূলতা ও সীমিত চিকিৎসাব্যবস্থার কারণে দীর্ঘদিন স্বাস্থ্যসেবাবঞ্চিত থাকা বড়পাড়াসহ আশপাশের বিভিন্ন পাড়া থেকে আসা চাকমা, মারমা ও সাঁওতাল সম্প্রদায়ের মানুষের মাঝে এ উদ্যোগ ঘিরে ব্যাপক উৎসাহ ও স্বস্তি দেখা যায়।
ক্যাম্পে সেনাবাহিনীর বিশেষজ্ঞ মেডিকেল টিমের পাশাপাশি খাগড়াছড়ি সদর থেকে আগত চক্ষু ও চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা সাধারণ মানুষের মাঝে চিকিৎসাসেবা দেন। সাধারণ স্বাস্থ্য সমস্যার পাশাপাশি স্থানীয়দের চোখের বিভিন্ন জটিলতা ও চর্মরোগের বিশেষায়িত চিকিৎসা এবং পরামর্শ দেওয়া হয়। দীর্ঘ বিরতির পর দুর্গম জনপদে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
চিকিৎসাসেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি; ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ; বর্মাছড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিফাত ইবনে আলম; মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাকিল; চক্ষুরোগ বিশেষজ্ঞ কেয়াচিং মারমা; চর্মরোগ বিশেষজ্ঞ ত্রিলোক চাকমা এবং বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইসালা চৌধুরী।
পরিদর্শনকালে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, ‘দুর্গম পাহাড়ি এলাকার প্রত্যন্ত মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত দায়িত্বের অন্যতম অংশ। পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাতে সহজেই বিশেষজ্ঞ সেবা ও পরামর্শ পেতে পারেন, সে লক্ষ্যেই এ আয়োজন। ভবিষ্যতেও পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের কল্যাণে এ ধরনের জনহিতকর কর্মসূচি অব্যাহত থাকবে, যা স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করবে।’




















