
টাঙ্গাইলে হাত বাড়ালেই মিলছে মাদক, দুই লক্ষাধিক মাদকসেবী
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ণ

টাঙ্গাইলের ১২টি উপজেলায় হাত বাড়ালেই মিলছে ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল ও সিসার মতো মরণঘাতী মাদক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবেই জেলায় মাদকসেবীর সংখ্যা দুই লক্ষাধিক, তবে স্থানীয়দের মতে এ সংখ্যা আরও কয়েক গুণ বেশি। মাদকাসক্ত সন্তানদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেক অভিভাবক সন্তানদের মাদক নিরাময় কেন্দ্রে কিংবা নিরাপত্তা হেফাজতে কারাগারে পাঠাতে বাধ্য হচ্ছেন। রোববার (২৯ নভেম্বর ২০২৬) স্থানীয় বাসিন্দা, ভুক্তভোগী পরিবার ও সংশ্লিষ্ট দপ্তর সূত্রে মাদকের এ ভয়াবহ চিত্র উঠে এসেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৪০ লাখ মানুষের জেলা টাঙ্গাইলে মাদক নিয়ন্ত্রণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী রয়েছেন মাত্র ১৯ জন। জেলায় অনুমোদিত পাঁচটি বিক্রয়কেন্দ্র থাকলেও শহর ও গ্রামের অলিগলি, নির্জন স্থান এবং ফাঁকা সড়কে ভ্রাম্যমাণ ও সাংকেতিক চিহ্নের মাধ্যমে অবাধে মাদক কেনাবেচা চলছে। উঠতি বয়সী কিশোর-কিশোরী, স্কুল-কলেজের শিক্ষার্থী, তরুণ, পেশাজীবী, শ্রমজীবী ও চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদক সেবন ও কারবারে জড়িয়ে পড়ছেন।
স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবারিরা বালুর ট্রাক, কাভার্ড ভ্যান ও মুরগির বাচ্চা বহনকারী যানবাহনের চোরাগোপ্তা পকেটে করে অভিনব কায়দায় মাদক পাচার করছে। বিশেষ করে গারোবাজার, সাগরদীঘি ও গোবিন্দাসি এলাকাকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। জেলা শহরের কান্দাপাড়া যৌনপল্লীর আশপাশসহ করটিয়া, শামসুল হক তোরণ সংলগ্ন এলাকা, হেলিপ্যাড, মহেষখোলা, বিশ্বাসবেতকা, পদ্মমনির পুকুরপাড় ও থানাপাড়াসহ বহু স্থানে নিয়মিত মাদক বেচাকেনা হয়। এ ছাড়া মধুপুরের অন্তত অর্ধশত, ঘাটাইলের ৩০টি, গোপালপুরের ২০টি এবং ধনবাড়ীর ১৫টি পয়েন্টসহ প্রতিটি উপজেলায় ২০ থেকে ২৫টি স্পটে মাদক বিক্রি হচ্ছে বলে জানা গেছে। সম্প্রতি মাদক কেনাবেচায় সহযোগিতার অভিযোগে সদর থানার কয়েকজন পুলিশ সদস্যের নাম ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মাদকের ভয়াবহতায় বিপর্যস্ত হয়ে পড়েছে বহু পরিবার। মধুপুরের এক নরসুন্দর মাদকের আতঙ্কে ছেলের পড়াশোনা বন্ধ করে নিজ পেশায় যুক্ত করেছেন। শহরের চাকরিজীবী আলী হোসেন মাদকাসক্ত সন্তানের চাহিদা মেটাতে গিয়ে শেষ পর্যন্ত ভিটেমাটি বিক্রি করেছেন। বটতলা এলাকার টাইলস মিস্ত্রি সাদ্দাম হোসেনকে তাঁর পরিবারের সদস্যরা প্রশাসনের সহযোগিতায় কারাগারে পাঠিয়েছেন। এমনকি জেলায় মাদকাসক্ত সন্তানের হাতে বাবা-মা খুন হওয়ার মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন জানান, তরুণ ও শ্রমজীবীদের পাশাপাশি শহরের অটোচালকদের বড় একটি অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে এবং অনেকে কেনাবেচায় জড়িত। মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন বলেন, গারোবাজার ও সাগরদীঘি রুট ব্যবহার হওয়ায় মধুপুর এখন মাদক পাচারের ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদ্য বিদায়ী সহকারী পরিচালক মো. আহসানুল কবীর বুলবুল জানান, জেলার মোট জনসংখ্যার ৫ শতাংশের বেশি মানুষ মাদকাসক্ত, যা সংখ্যায় দুই লক্ষাধিক। গত ৯ মাসে জেলায় এক হাজারের বেশি অভিযান চালিয়ে ৫৪৮টি মামলা দায়ের এবং মাদকসহ ৫৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারায় মাদক ও কিশোর গ্যাং অপকর্মের সুযোগ পাচ্ছে। মাদকের সঙ্গে সম্পৃক্ত কাউকে উপজেলা পর্যায়ের কোনো কমিটিতে না রাখার এবং সন্ধ্যার পর আড্ডা বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাদক পুরো পরিবার ও সমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছে, তাই প্রশাসনকে কঠোর হওয়ার পাশাপাশি সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে। টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, মাদক সেবন ও কারবারে জড়িতদের শক্ত হাতে দমন করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য জড়িত থাকলে তাঁকেও আইনের আওতায় আনতে হবে।




















