
সাভার-আশুলিয়ায় এক রাতেই তিন বাসে আগুন
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ণ

ঢাকার সাভার ও আশুলিয়ায় এক রাতেই পৃথক তিনটি স্থানে পার্কিং করে রাখা তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার (২৮ নভেম্বর) ভোর পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাস তিনটির বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র এলাকায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর প্রায় পৌনে দুই ঘণ্টা পর রাত ৩টা ১৫ মিনিটের দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী লেনে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়। সবশেষ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় পার্কিং করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ব্যাংক টাউন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। এ সময় বাসটির ভেতরের ডেকোরেশনের বিভিন্ন অংশ পুড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, রাত দেড়টার দিকে বলিভদ্র এলাকায় এবং ভোর সাড়ে ৪টার দিকে নরসিংহপুর এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।
অন্যদিকে, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, রাত ৩টা ১৫ মিনিটের দিকে ব্যাংক টাউন এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বাসটির ভেতরের ডেকোরেশনের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, একই রাতে পৃথক তিনটি স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, নাশকতার উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে অগ্নিসংযোগের পেছনে কারা জড়িত এবং এর প্রকৃত উদ্দেশ্য কী, তা উদ্ঘাটনে তদন্ত চলছে।



















