
সিলেটে এমপি হাবিবের কার্যালয় ভাঙচুর করে অগ্নিসংযোগ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ণ

সিলেটে এমপি হাবিবের কার্যালয় ভাঙচুর করে অগ্নিসংযোগ
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমানের কার্যালয় ভাঙচুর করে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। রবিবার (৪ আগস্ট) বিকালে দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে সংসদ সদস্য হাবিবুর রহমান বলেন, ‘কার্যালয়টি বন্ধ ছিল। বন্ধ কার্যালয়ে জামায়াত-বিএনপির সদস্যরা গিয়ে ভাঙচুর চালিয়েছে, আগুন দিয়েছে।’
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ‘হামলা ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এটা করেছে খোঁজ নেওয়া হচ্ছে।’
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীদের একটি দল হঠাৎ মিছিল নিয়ে সেমিপাকা কার্যালয়টি ভেঙে গুঁড়িয়ে দেয়। এ সময় কার্যালয়ের সামনে থাকা তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি আসবাবেও আগুন দেওয়া হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তার আগেই আন্দোলনকারীরা সরে যান।



















