
৯ বছর বয়সেই হাফেজ দুই ভাই, দুই বছরে সম্পন্ন করল কোরআন হিফজ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ণ

বয়সের ব্যবধান মাত্র ছয় মাস। একজনের বয়স ৯ বছর ৮ মাস, অন্যজনের ৯ বছর ২ মাস। একই পরিবারের এই দুই শিশু মাত্র দুই বছরের অধ্যবসায়ে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে। তারা হলো হোসাইন মো. তাওসিফ রেজা ও আবরার জামিল। সম্পর্কে তারা চাচাতো ভাই। একই সঙ্গে বেড়ে ওঠা, একই সময়ে মাদ্রাসায় ভর্তি হওয়া এবং একই দিনে কোরআনের হাফেজ হওয়া—সব মিলিয়ে তাদের এই অর্জন পরিবারে আনন্দের বিশেষ উপলক্ষ হয়ে উঠেছে।
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এডুকেশন গার্ডেন অ্যান্ড হিফজ মাদ্রাসায় ভর্তি হয়েছিল তারা। দুই বছরের কঠোর পরিশ্রম ও নিয়মিত অধ্যবসায়ে তারা পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করে। শনিবার (২৮ নভেম্বর) সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ অর্জনকে স্মরণীয় করে রাখে প্রতিষ্ঠানটি।
শুধু তাওসিফ ও আবরার নয়, একই দিনে ওই মাদ্রাসার আরও দুই শিক্ষার্থী ইরফানুল ইসলাম শিহাব ও তাওসিফুল ইসলাম আদিল পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে। এ বছর প্রতিষ্ঠানটির মোট চার শিক্ষার্থী হিফজ শেষ করেছে।
শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে হাফেজদের সংবর্ধনা ও নতুন শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রধান পরিচালক রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পটিয়া বাইতুশ শরফ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সরওয়ার হোসেন রাশেদী এবং বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী রফিকুল ইসলাম। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হিফজ সম্পন্ন করা চার শিক্ষার্থীকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান করা হয়।
হাফেজ হোসাইন মো. তাওসিফ রেজার বাবা নুরুল আলম রুবেল বলেন, ছেলেকে কোরআনের হাফেজ হিসেবে গড়ে তোলার ইচ্ছা থেকেই তাকে এ মাদ্রাসায় ভর্তি করান। দুই বছরের কঠোর পরিশ্রমে সে হিফজ সম্পন্ন করেছে। এ জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন তিনি। তিনি বলেন, ‘শুধু কোরআন মুখস্থ করানো নয়, এ মাদ্রাসায় আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় কোরআনের অনুবাদও শেখানো হয়। আবরার জামিল আমার ভাইপো। সে ও আমার ছেলে একই সঙ্গে বড় হয়েছে, একই সময়ে মাদ্রাসায় ভর্তি হয়েছে এবং একই দিনে হাফেজ হয়েছে। বিষয়টি আমাদের পরিবারের জন্য অন্য রকম আনন্দের।’
হাফেজ আবরার জামিল কোরআনের হাফেজ হতে পেরে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে। পাশাপাশি এ অর্জনের পেছনে অবদান রাখায় শিক্ষকদের পাশাপাশি বাবা-মায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে সে।
মাদ্রাসার প্রধান পরিচালক রাশেদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের গতানুগতিক পদ্ধতিতে শুধু কোরআন মুখস্থ করানোর মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না তাঁরা। হিফজের পাশাপাশি তিন ভাষায় কোরআনের অনুবাদ শেখানো হচ্ছে। এতে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে কাজ করার সুযোগ পাবে। এ বছর চার শিক্ষার্থী হিফজ সম্পন্ন করেছে। তাদের মধ্যে একই পরিবারের দুই শিশু মাত্র দুই বছরে হাফেজ হয়েছে। পাশাপাশি নতুন অনেক শিক্ষার্থী মাদ্রাসায় সবক নিয়েছে।
তিনি আরও বলেন, কোরআন হিফজের পাশাপাশি এ মাদ্রাসায় পঞ্চম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষার ব্যবস্থাও রয়েছে। সাধারণ শিক্ষার সঙ্গে বিষয়ভিত্তিক পাঠদান করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সরওয়ার হোসেন রাশেদী।



















