
গণমাধ্যমে সংবাদ প্রকাশ
রায়গঞ্জে দোকানভর্তি উপহার নিয়ে অসহায় ওয়াজেদের পাশে সুখ পাখি
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ণ

মাত্র ৫০০ থেকে ৬০০ টাকা পুঁজি নিয়ে ছোট্ট একটি দোকান চালিয়ে কোনো রকমে সংসার চালান ওয়াজেদ আলী শেখ। নিজে কিডনি রোগে আক্রান্ত, স্ত্রী শয্যাশায়ী, আর প্রতিবন্ধী মেয়েকে নিয়েই তাঁর সংসার। এমন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘সুখ পাখি’। গণমাধ্যমে তাঁদের দুর্দশার চিত্র প্রকাশের পর সংগঠনটির উদ্যোগে জাকাত তহবিলের অর্থে দোকানের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনে দেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারামপুর পশ্চিমপাড়া গ্রামে ওয়াজেদ আলীর ছোট দোকানে এসব পণ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
সুখ পাখি সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ রজব আলী নগদ অর্থ পৌঁছে দেন। তিনি জানান, আমেরিকাপ্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি মূলত এই সহায়তা দিয়েছেন। তাঁর দেওয়া অর্থ দিয়ে আলু, পেঁয়াজ, রসুন, আদা, বিভিন্ন ধরনের মসলা, ডিম ও কাঁচাবাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী কেনা হয়।
এ সময় পণ্যসামগ্রী তুলে দেন রায়গঞ্জ উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও গণমাধ্যমকর্মী সাইদুল ইসলাম আবির। উপস্থিত ছিলেন পরিবেশ ও জলবায়ু কর্মী ফয়সাল বিশ্বাস, স্বেচ্ছাসেবী ও পল্লিচিকিৎসক রোকন তালুকদার, স্বেচ্ছাসেবী আবির আহমেদ সবুজসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
৬৫ বছর বয়সী ওয়াজেদ আলী নিজেই কিডনি রোগে আক্রান্ত। তাঁর ৩৭ বছর বয়সী অবিবাহিত মেয়ে রাশিদা খাতুন শারীরিক প্রতিবন্ধী। স্ত্রী মর্জিনা বেগম (৬০) হরমোনজনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। পরিবারের একমাত্র ছেলে ঢাকায় কাজ করতে গিয়ে আর বাড়িতে ফেরেননি। এমনকি পরিবারের খোঁজখবরও নেন না।
পরিবারটির জীবিকার একমাত্র অবলম্বন স্থানীয় বাজারের এক কোণে গড়ে তোলা ছোট্ট দোকানটি। মাত্র ৫০০ থেকে ৬০০ টাকা পুঁজি নিয়ে দোকানটি চালান ওয়াজেদ আলী। তাঁর সঙ্গে দোকানে বসে প্রতিবন্ধী মেয়েও সহযোগিতা করেন। চিকিৎসার ব্যয় ও সংসারের খরচ চালাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হয় তাঁদের।
এমন পরিস্থিতিতে দোকানের জন্য নতুন পণ্যসামগ্রী পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছে পরিবারটিতে। এই সহায়তা তাঁদের জীবিকার লড়াইয়ে নতুন করে এগিয়ে যাওয়ার সাহস জোগাবে বলে আশা করছেন স্থানীয়রা।



















