
শ্রমিক সুরক্ষায় পোশাক খাতে ডিউ ডিলিজেন্স জোরদারের আহ্বান
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ণ

পোশাক খাতে শ্রমিকের অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে সাপ্লাই চেইনের সব পক্ষের জবাবদিহি বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে শ্রমিক ও কমিউনিটির অভিজ্ঞতা নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে যুক্ত করা এবং ডিউ ডিলিজেন্স বাস্তবায়নে ট্রেড ইউনিয়নের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। বুধবার রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক অংশীজন সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। যৌথভাবে সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স) ও এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
‘বাংলাদেশের টেক্সটাইল খাতে ডিউ ডিলিজেন্স বাস্তবায়ন জোরদারকরণ’ শীর্ষক এ সম্মেলনে আশুলিয়া শিল্পাঞ্চলে ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে বাস্তবায়িত প্রকল্পের শ্রমিকভিত্তিক পরিবীক্ষণ (ডব্লিউবিএম) ও কমিউনিটিভিত্তিক পরিবীক্ষণ (সিবিএম)-এর ফলাফল, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরা হয়।
বিলসের ভাইস চেয়ারম্যান আমিরুল হক আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। সঞ্চালনা করেন বিলসের যুগ্ম মহাসচিব শাকিল আখতার চৌধুরী।
অনুষ্ঠানে ফেমনেট ইভির আন্তর্জাতিক প্রকল্পবিষয়ক প্রধান ড্যানিয়েলা বার্টশ প্রকল্পের সার্বিক পরিচিতি তুলে ধরেন। শ্রমিকভিত্তিক পরিবীক্ষণের ফলাফল উপস্থাপন করেন বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের (বিএলএফ) কর্মকর্তা স্বরণ শাল ও বিলসের সিনিয়র কর্মকর্তা মো. সায়দুজ্জামান মিঠু। কমিউনিটিভিত্তিক পরিবীক্ষণের ফলাফল তুলে ধরেন ইএসডিওর প্রকল্প প্রধান রিফায়াত খান শিশির।
শ্রমিকভিত্তিক পরিবীক্ষণের ফলাফলে দেখা যায়, জরিপে লিখিত নিয়োগপত্র পাওয়া শ্রমিকের হার ৮২ শতাংশ থেকে বেড়ে ৯৫ শতাংশ হয়েছে। ন্যূনতম মজুরি পাওয়ার হার ৭২ শতাংশ থেকে বেড়ে ৮৮ শতাংশ এবং মৃত্যুজনিত ক্ষতিপূরণ পাওয়ার হার ১৩ শতাংশ থেকে বেড়ে ৫৭ শতাংশে দাঁড়িয়েছে। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকে অবনতি হয়েছে। সাপ্তাহিক ছুটির নিশ্চয়তা ৯৯ শতাংশ থেকে কমে ৭৩ শতাংশ, নিয়মিত মজুরি পাওয়ার হার ৯৯ শতাংশ থেকে কমে ৮৮ শতাংশ এবং কর্মক্ষেত্রে আঘাতজনিত সুবিধা পাওয়ার হার ৮৩ শতাংশ থেকে কমে ৬৬ শতাংশ হয়েছে। এছাড়া মাত্র ২৪ শতাংশ ক্ষেত্রে ধর্মঘটের অধিকারের স্বীকৃতি রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কর্মশালার মাধ্যমে শ্রমিক ও ট্রেড ইউনিয়ন সদস্যদের সচেতনতা বেড়েছে। কর্মঘণ্টা সম্পর্কে স্পষ্ট ধারণা ৬৭ শতাংশ থেকে বেড়ে ৮২ শতাংশ, ছুটির অধিকার সম্পর্কে সচেতনতা ৭৩ শতাংশ থেকে বেড়ে ৮৯ শতাংশ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) হটলাইন সম্পর্কে জানার হার ৪৬ শতাংশ থেকে বেড়ে ৮৮ শতাংশ হয়েছে। এসব কার্যক্রমের ফলে কয়েকটি কারখানায় গর্ভবতী নারী শ্রমিকদের কাজের চাপ কমানো, এক্সহস্ট ফ্যান মেরামত এবং বকেয়া পরিশোধের মতো ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে কর্মশালায় নারীদের অংশগ্রহণ তুলনামূলক কম ছিল।
কমিউনিটিভিত্তিক পরিবীক্ষণের ফলাফলে স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য পরিস্থিতিতে কিছু উন্নতির চিত্র উঠে এসেছে। পুরুষদের মধ্যে চর্মরোগের হার ১২ শতাংশ থেকে কমে ৮ শতাংশ, নারীদের ক্ষেত্রে ১৫ শতাংশ থেকে ১২ শতাংশ এবং শিশুদের ক্ষেত্রে ২০ শতাংশ থেকে ১৫ শতাংশ হয়েছে। এছাড়া শিশুদের চোখের সমস্যা ৫ শতাংশ থেকে ৪ শতাংশ, নারীদের শ্বাসকষ্ট ১০ শতাংশ থেকে ৭ শতাংশ এবং বয়স্কদের হৃদরোগজনিত সমস্যা ১০ শতাংশ থেকে ৮ শতাংশে নেমেছে। পুরুষদের পরিপাকতন্ত্রের সমস্যা ৯ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হয়েছে।
কমিউনিটির সুপেয় পানির ব্যবস্থা উন্নয়নে ছয়টি পানি ফিল্টার স্থাপন করা হয়েছে। তবে পানি ও বায়ুদূষণের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়নি। মাটি ও পানির নমুনায় সীসা, আর্সেনিক, ক্যাডমিয়াম ও ক্রোমিয়ামের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া চুলের নমুনায় পারদের উপস্থিতিও শনাক্ত হয়েছে।
সম্মেলনে ‘টেকসই তৈরি পোশাক খাতের জন্য ডিউ ডিলিজেন্স জোরদারকরণ: শ্রমিকের অধিকার সুরক্ষা ও পরিবেশগত ন্যায্যতা প্রতিষ্ঠা’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) বেটার ওয়ার্ক বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার অ্যালেনা জে ট্যানসি বলেন, কার্যকর সামাজিক সংলাপ, শ্রমিক ও কমিউনিটির সঙ্গে যথাযথ সমন্বয় এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা জরুরি। নীতি প্রণয়নে মানসম্পন্ন গবেষণা ও নির্ভরযোগ্য তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি তথ্য সংগ্রহের এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এনায়েত হোসেন বলেন, অনেক শ্রমিক বায়ুদূষণের শিকার হচ্ছেন। শুধু কর্মক্ষেত্র নয়, তাদের বসবাসের এলাকাও ঝুঁকিপূর্ণ। ক্ষতিকর রাসায়নিক উপাদান ধীরে ধীরে ব্যবহার থেকে সরিয়ে ফেলতে হবে। এ ক্ষেত্রে ক্রেতাদের দায়বদ্ধতা বাড়ানো জরুরি।
তিনি আরও বলেন, মাটি ও পানির নমুনা পরীক্ষার পাশাপাশি শ্রমিকদের রক্তের নমুনা সংগ্রহ করে নিয়মিত স্বাস্থ্য ও পরিবেশগত নজরদারি চালানো প্রয়োজন।
বিলসের ভাইস চেয়ারম্যান আমিরুল হক আমিন বলেন, প্রকল্পের তথ্য সংগ্রহে ট্রেড ইউনিয়নের কয়েকজন প্রতিনিধি সহযোগিতা করেছেন। তবে ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়ন ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ট্রেড ইউনিয়নকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে।
সুডউইন্ড ইনস্টিটিউটের গবেষণা সহযোগী ড. সাবিন ফেরেনশিল্ড বলেন, সাপ্লাই চেইনের সংশ্লিষ্ট পক্ষগুলো নিজেদের দায়বদ্ধতা উপলব্ধি করলে শ্রম অধিকার লঙ্ঘন ও পরিবেশগত ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এ জন্য বাংলাদেশে কার্যকর সামাজিক সংলাপ এবং পরিবর্তন আনতে সক্ষম উপযুক্ত ব্যবস্থা ও টুল থাকা প্রয়োজন। তিনি বলেন, তথ্য সংগ্রহ, পরিবীক্ষণ ও যাচাইয়ের ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। এসব তথ্য যেন সামাজিক সংলাপ ও দর-কষাকষির ভিত্তি হিসেবে কাজ করে, তা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) শ্রম ও কর্মক্ষেত্র-বিষয়ক উপদেষ্টা মো. মাহফুজুর রহমান ভূঁইয়া বলেন, এখনো অনেক কারখানা ও এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত এবং উপেক্ষিত। এসব সমস্যা সমাধানে সাপ্লাই চেইনের সব পক্ষকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে শ্রমিকদের প্রতি দায়বদ্ধতা বাড়ানো জরুরি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মান অনুসরণ করে বাংলাদেশ শ্রম আইন সংশোধন করা হয়েছে। এতে ত্রিপক্ষীয় সংলাপকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শ্রম আইন ও আইনি কাঠামোর উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। তিনি আরও বলেন, ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজ করা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) সক্ষমতা, আধুনিকায়ন ও জবাবদিহি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্যানেল আলোচনা সঞ্চালনা করেন ইএসডিওর সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার ও মহাসচিব ড. শাহরিয়ার হোসেন। এতে আরও অংশ নেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আইএলও, বিলস, বিইএফ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এছাড়া মুক্ত আলোচনায় ট্রেড ইউনিয়ন, কমিউনিটি প্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, ক্রেতা, উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থার প্রতিনিধিরা বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। সম্মেলনে ইনকোটা-নেটওয়ার্ক ইভির সিনিয়র পলিসি অ্যাডভাইজার বার্ন্ড হিনৎসম্যান ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে সরকারি প্রতিনিধি, পোশাকশিল্পের মালিক ও মালিক সংগঠন, আন্তর্জাতিক ক্রেতা, ট্রেড ইউনিয়ন, উন্নয়ন সহযোগী, শিক্ষাবিদ ও কমিউনিটি প্রতিনিধিসহ শতাধিক অংশীজন অংশ নেন।
২০২৩ সালের সেপ্টেম্বর থেকে বিলস, ইএসডিও ও বিএলএফ যৌথভাবে আশুলিয়া শিল্পাঞ্চলে ‘বাংলাদেশের টেক্সটাইল খাতে ডিউ ডিলিজেন্স বাস্তবায়ন জোরদারকরণ’ প্রকল্প বাস্তবায়ন করছে। জার্মানির ফেমনেট, সুডউইন্ড ইনস্টিটিউট, ইনকোটা-নেটওয়ার্ক ও এইচইজেসাপোর্ট এবং নেদারল্যান্ডসের ওয়েজইন্ডিকেটর ও মন্ডিয়াল এফএনভি এ প্রকল্পের মাল্টি অ্যাক্টর পার্টনারশিপ (ম্যাপ) কনসোর্টিয়ামের অংশ। প্রকল্পের চলমান পর্যায় ২০২৭ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা রয়েছে। পরবর্তী পর্যায় শুরু হওয়ার কথা ২০২৭ সালের মে মাসে।






















