
কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার ৬ দিন পর সাবেক এমপির স্ত্রীসহ ৫১ জনের নামে মামলা, আটক ২
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ণ

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা শাহীন মোল্যা ও সোহেল মোল্যা হত্যাকাণ্ডের সাত দিন পর মামলা হয়েছে। নিহত সোহেল মোল্যার ভাই মো. জুয়েল মোল্যা বাদী হয়ে কালিয়া থানায় মামলাটি দায়ের করেন। এতে নড়াইল ১ আসনের সাবেক এমপি বিএম কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হক ও সাবেক মেয়র লিটন ফকিরসহ ৫১ জনের নাম উল্লেখ করে আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার পর মামলাটি নথিভুক্ত হয়। পরে এজাহার নামীয় আসামী আপন দুই ভাই দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাসকে আটক করেছে পুলিশ।
এর আগে গত ১৮ নভেম্বর বেন্দারচর সুইচগেট-সংলগ্ন বটতলা এলাকায় বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচিতে হামলায় গুরুতর আহত হন দুই নেতা। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
এদিকে হত্যাকাণ্ডের জেরে বেন্দারচর এলাকায় সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।



















