
গাইবান্ধার বোনারপাড়ায় রেলওয়ের উচ্ছেদ অভিযান, প্রথম দিনেই ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ণ

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিতে মাঠে নেমেছে কর্তৃপক্ষ। অভিযানের প্রথম দিনেই এখন পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে ৫০টি অবৈধ স্থাপনা।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে। অভিযান পরিচালনায় রেলওয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করেন পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা।
বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মনজুর হোসেন জানান, বোনারপাড়ায় উচ্ছেদ অভিযানের আজ প্রথম দিন। প্রথম দিনেই এখন পর্যন্ত ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের জায়গা অবৈধ দখলমুক্ত করতে পর্যায়ক্রমে এ অভিযান পরিচালনা করা হবে। স্টেশনসংলগ্ন এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা সব অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের মধ্য দিয়ে বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকাকে দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।



















