বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

সাতকানিয়ায় জমি বিরোধের জেরে মার্কেট দখল, চাঁদাবাজি ও অপহরণের অভিযোগ

reporter

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৩:৩১ অপরাহ্ণ


সাতকানিয়ায় জমি বিরোধের জেরে মার্কেট দখল, চাঁদাবাজি ও অপহরণের অভিযোগ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি মার্কেটে ভাঙচুর, চাঁদাবাজি, প্রবেশপথে বালির স্তূপ ফেলে জবরদখলের চেষ্টা এবং এক কুরিয়ার সার্ভিস ম্যানেজারকে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) কেরানীহাট গরুর বাজারের উত্তর পাশের ‘শাহ আমানত কর্পোরেশন’ মার্কেটের ব্যবসায়ী নাজিম উদ্দীন এসব অভিযোগ করেন।

ভুক্তভোগী পরিবার ও নথিপত্র সূত্রে জানা গেছে, কেরানীহাটের ওই জমি নিয়ে ১৯৯৫ সাল থেকে দেওয়ানি আদালতে বাটোয়ারা মামলা (অপর ১৪১/১৯৯৫) এবং ডা. আবদুস সালামের দায়ের করা অপর আপিল মামলা (১৪৬/২০০৬) বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে ওই জমিতে মার্কেট নির্মাণ করে ভোগদখলে আছেন ডা. আবদুস সালাম। অভিযোগ উঠেছে, উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া এলাকার মৃত শামশুল হকের ছেলে লিয়াকত আলী ও খোর্শেদ গং বিচারাধীন মামলার তথ্য গোপন রেখে ২০২৩ সালে সাতকানিয়া সাব-রেজিস্ট্রি অফিস থেকে ১৫১ ও ১৫২ নম্বর দলিলে দুটি কবলা নিবন্ধন ও নামজারি খতিয়ান সৃজন করেন। পরবর্তীতে ২০২৪ সালে তাঁরা উল্টো ডা. আবদুস সালামদের বিরুদ্ধে ভূমি আইনে ফৌজদারি মামলা (সিআর ১১২/২০২৪) দায়ের করলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত শেষে বাদী লিয়াকত গংয়ের বিরুদ্ধেই অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

ডা. আবদুস সালামের ছেলে ব্যবসায়ী নাজিম উদ্দীন অভিযোগ করেন, নিজের করা মামলায় ফেঁসে যাওয়ার পর সোমবার (২৩ নভেম্বর) থেকে লিয়াকত আলী রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্তত ৩০ জনের একটি ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে মার্কেট ও তাঁদের বাসার সামনে অবস্থান নেন। হামলাকারীরা চাঁদার দাবিতে দোকানপাট বন্ধ করে দেয়, মার্কেটের প্রবেশপথে বালির স্তূপ ফেলে চলাচল আটকে দেয় এবং একটি কুরিয়ার সার্ভিসের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, হামলার ও জবরদখলের চেষ্টার ঘটনায় এজেআর কুরিয়ার, ইবনে সিনার স্টোর হাউস ও গ্রেটওয়াল টাইলসসহ মার্কেটের বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয়েছে।

ভুক্তভোগী মার্কেট মালিক ডা. আবদুস সালাম জানান, টানা দুই দিন তাঁদের পরিবার ও মার্কেট অবরুদ্ধ করে রাখা হয় এবং পুরো পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশের সহায়তায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। এদিকে কেরানীহাটের একটি পুরোনো ও চালু মার্কেট রাতারাতি বন্ধ করে দেওয়া ও ব্যবসায়ী অপহরণের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম এবং অভিযুক্ত লিয়াকত আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ না পাওয়ায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

Link Copied