
বরিশাল জেলা প্রশাসনের গণশুনানিতে ২৫ জনকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৩:৩১ অপরাহ্ণ

অসহায়, অসচ্ছল ও বিপদগ্রস্ত মানুষের সমস্যা সরাসরি শুনে সরকারি সহায়তা নিশ্চিত করতে বরিশাল জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৩৭ জন সেবাপ্রার্থী তাঁদের নানা সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণশুনানিতে আবেদনকারীদের বক্তব্য শুনে তাৎক্ষণিকভাবে ২৫ জনকে মোট ৭৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া বাকি ১২ জনের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গণশুনানিতে সেবাপ্রার্থীরা চিকিৎসা সহায়তা, দুর্ঘটনাজনিত ক্ষতি, শিক্ষা সহায়তা ও আর্থিক অনটনসহ বিভিন্ন বিষয়ে আবেদন করেন। এ সময় কয়েকজন অসহায় নারীকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন প্রদানের ব্যবস্থা নেওয়ার জন্য জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকারকে নির্দেশনা দেন জেলা প্রশাসক। পাশাপাশি নারীদের আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ ও প্রশিক্ষণে উৎসাহিত করার জন্য জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাজাদী আক্তারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, প্রকৃত অসচ্ছল ও অসহায় মানুষ জেলা প্রশাসনের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন। প্রকৃত উপকারভোগীদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দিতে আবেদনগুলো যাচাই-বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি আবেদন করার ক্ষেত্রে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান।
গণশুনানিতে জেলা প্রশাসকের স্টাফ অফিসার নাফিস-উর-রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার চামেলী বেগম এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাজাদী আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধান ও সরকারি সেবা নিশ্চিত করতে প্রতি বুধবার দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাপ্তাহিক গণশুনানির আয়োজন করা হয়।



















