
রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৩:৩২ অপরাহ্ণ

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে রাজশাহী মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড় এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। থেমে থেমে প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে। তবে এরপরও দফায় দফায় সংঘর্ষ চলতে থাকলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্রলীগের শাহিনুর নামের এক নেতাকে আটক করে রাজপাড়া থানা-পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাঁরা জাদুঘর মোড়ে গেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নার নেতৃত্বে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। লিমনের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনায় দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে এ হামলা চালানো হয় এবং একপর্যায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীও সংঘর্ষে যোগ দিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দাবি জানান তিনি। তবে অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা সাফায়েত হোসেন মান্নার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা যে ঘটনা ঘটিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে নেতাদের নিয়ে আলোচনা করে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।



















