
বারহাট্টার মাঠে মাঠে সোনালী ধান গোলায় তুলতে ব্যস্ত কৃষক
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০২:০৯ অপরাহ্ণ

অগ্রহায়ণ মানেই নতুন ধানের ঘ্রাণ আর নবান্নের উৎসব। বারহাট্টার বিস্তীর্ণ মাঠ জুড়ে কাঁচা-পাকা ধানের সমারোহে ছড়িয়েছে সোনালি আভা। মাঠে মাঠে পাকা আমন ধান ঘরে তুলতে এখন ব্যস্ত কৃষক-কৃষাণিরা। গত কয়েকদিনের বৈরী আবহাওয়ার কারণে স্বপ্নের ফসল ঘরে তোলা নিয়ে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ দেখা গেলেও এখন আবহাওয়া অনুকূলে এসেছে। ফলে পরিশ্রমের ফসল ঘরে তোলার আনন্দে কৃষকের চোখেমুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি। সব মিলিয়ে নতুন ধান ঘরে তোলার আশায় কৃষকের মনে দোলা দিচ্ছে এক ভিন্ন আমেজ।
অনুকূল আবহাওয়া, কৃষকের কঠোর পরিশ্রম আর পরিচর্যায় চলতি মৌসুমে উৎপাদিত আগাম জাতের আমন ধান পাকতে শুরু করেছে। ইতোমধ্যে মাঠের প্রায় ৭০ শতাংশ জমির ধান পেকে যাওয়ার পুরোদমে শুরু হয়েছে ধান কাটা। অনুকূল আবহাওয়ায় এবার আমনের অধিক ফলনের আশা করছেন উপজেলার কৃষকরা। তবে শ্রমিকের মজুরি ও অন্যান্য উৎপাদন খরচের তুলনায় ধানের দাম কম থাকায় কৃষকের লাভ সীমিত। ফলে ভালো ফলনেও স্বস্তি নেই তাঁদের মুখে।
সরেজমিনে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠজুড়ে কোথাও কাঁচা, কোথাও পাকা ধানের সমারোহ। নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই উপজেলার বিভিন্ন এলাকার মাঠে আগাম জাতের রোপা আমন ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ভোরের আলো ফুটতেই কাস্তে হাতে দলবেঁধে মাঠে নামছেন কৃষকরা। কেউ মাঠে ধান কাটছেন, কেউবা কাটা ধান আঁটি বাঁধছেন আবার কেউ বাঁধা আঁটিগুলো কাঁধে তুলে স্তূপ করে রাখছেন বাড়ির উঠানে কিংবা রাস্তার পাশে। সেখানে কৃষক-কৃষাণিরা মেশিনের মাধ্যমে ধান মাড়াই করে নতুন ধান ঘরে তুলছে। সোনালি ধানের মাঠজুড়ে এখন কৃষকের পরিশ্রম, স্বপ্ন আর ফসল ঘরে তোলার ব্যস্ততা। বছরের শ্রমের ফসল ঘরে তোলার আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন কৃষক ও শ্রমিকেরা।
উপজেলা সদরের কৃষক তপন সরকার, বিশ্বজিৎ দাস, সাহতা এলাকার মিজানুর রহমান, জুয়েল মিয়া, সিংধা এলাকার নিরঞ্জন দাস, জসিম উদ্দিন, বাউসী এলাকার জজ মিয়া, রিপন মিয়া, রায়পুর এলাকার রিটন শেখ, ঝন্টু মন্ডলসহ কয়েকটি এলাকার কৃষকদের সাথে কথা বললে তারা সকালের সময়কে জানান, উচ্চফলনশীল ও হাইব্রিড জাতের বিস্তারে চলতি মৌসুমে আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে। তবে সার, কীটনাশক, ডিজেলসহ বিভিন্ন কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় ধান উৎপাদনে খরচ বেশি হয়েছে। পাশাপাশি শ্রমিকের মজুরিও বেড়েছে। ধান চাষের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে খরচ বেড়েছে। ধান কাটার পর বাজারে মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষকরা ন্যায্য দাম পাবেন কি না? সেটিও বড় প্রশ্ন তাদের। তাই ভালো ফলনের পাশাপাশি ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি তাদের।
তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকলেও কৃষি অফিস থেকে কোনো প্রকার সহায়তা পাননি তারা। বরং কৃষি অফিসের দ্বায়িত্বহীনতায় সিন্ডিকেটের কারণে প্রতি বছরই ডিলারদের কাছ থেকে বাড়তি দাম দিয়ে সার কিনতে হয়। কৃষকদের জন্য সরকারি সহায়তা বাড়ানো ও সিন্ডিকেট মুক্ত সার সরবরাহের দাবি তাদের।
উপজেলা সদরসহ কয়েকটি এলাকার ধান ব্যবসায়ীরা বলেন, ধানের মান, আর্দ্রতা ও বাজারের চাহিদার ওপর ভিত্তি করে দামের পার্থক্য হচ্ছে। নতুন ধানের সরবরাহ ও বাজারের চাহিদার মধ্যে ভারসাম্য বজায় থাকলে এবার ধানের দাম বাড়তে পারে বলে মনে করছেন তারা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বারহাট্টায় ১১ হাজার ৯৮০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। এ থেকে ৩৯ হাজার ৭৮৯ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলায় হাইব্রিড ও উফশী জাতের ব্রি ধান-৮৭, ব্রি ধান-৪৯, ব্রি ধান-৫২ এবং পায়জাম জাতের রোপা আমন ধানের আবাদ হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে অধিকাংশ জমির ধান কৃষকের ঘরে উঠবে বলে আশা করছে কৃষি বিভাগ।



















