
যুবলীগ নেতা সাইফুলের বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০২:৪৫ অপরাহ্ণ

গাজীপুরে ব্যবসায়ী খবির আলম ওরফে কবিরের কাছে চাঁদা দাবি, মারধর, অপহরণের চেষ্টা ও নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে যুবলীগ নেতা সাইফুল ইসলাম মোল্লার বিরুদ্ধে। এসব ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী খবির আলমের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সাইফুল ইসলাম মোল্লা চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল আমিন রুহুলের সঙ্গে দীর্ঘদিন যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সরকার পরিবর্তনের পর তিনি গাজীপুরে এসে স্থানীয় কিছু বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছেন।
এ পরিচয় ও প্রভাব ব্যবহার করে ভুক্তভোগী ঠিকাদার ব্যবসায়ী কবিরের কাছে চাঁদা দাবি এবং বিভিন্নভাবে হয়রানি করে আসছেন বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করে বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁর বাবাকে গত ১৩ নভেম্বর দুপুরে ডেকে নিয়ে মারধর করা হয়। পরে একটি প্রাইভেটকারে তুলে অপহরণের চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তিনি ও তাঁর মা গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দেওয়ার চেষ্টা করলেও তাঁদের ধাক্কা দিয়ে গাড়ি নিয়ে চলে যাওয়া হয়। ঘটনার সময় উপস্থিত অনেকে পুরো বিষয়টি ভিডিও ধারণ করেন বলেও দাবি করেন তিনি।
তাঁর অভিযোগ, পরবর্তী সময়ে অপহরণ না করে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে তাঁর বাবাকে থানায় নিয়ে পুলিশের হাতে দিয়ে আসে। এ ছাড়া চাঁদা দাবি ও হয়রানির বিষয়ে ঘটনার আগেই থানায় অভিযোগ করা হয়েছিল বলেও সংবাদ সম্মেলনে জানান ভুক্তভোগীর মেয়ে।
সংবাদ সম্মেলন থেকে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত, হয়রানি বন্ধ এবং অভিযুক্ত সাইফুল ইসলাম মোল্লার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এসময় ভুক্তভোগী কবিরের মেয়ে, স্ত্রী, ভাগিনা, বাবাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।




















