
শুটিংয়ের প্রস্ততির সময় হোটেলে লুটিয়ে পড়েন সোহেল খান
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ

অভিনেতা সোহেল খানের মৃত্যুর আগ মুহূর্তের ঘটনা তুলে ধরেছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। বগুড়ার একটি হোটেলে একসঙ্গে সিনেমার শুটিংয়ে ছিলেন তারা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হোটেলকক্ষ থেকে বের হয়েই মাটিতে লুটিয়ে পড়েন সোহেল খান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে সোহেল খানের মৃত্যুর আগমুহূর্তের বর্ণনা দেন শাহরিয়ার নাজিম জয়। জানান, তারা দুজন বগুড়ার হোটেল মম ইন-এ ‘নসিব’ সিনেমার শুটিং করছিলেন।
জয় জানান, মঙ্গলবার সকালে শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। তিনি কক্ষ থেকে বের হওয়ার সময়ই মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়।
জয় বর্ণনা করে লেখেন, ‘একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম নসিব। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় ওপরে উঠল। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়লেন সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল।’
সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করে শেষে জয় লেখেন, ‘প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
উল্লেখ্য, ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। আগামীকাল তার শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকাল ১০টার দিকে হৃদ্ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।




















