
চন্দনাইশে আমনের বাম্পার ফলন,তবুও দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ

চন্দনাইশের মাঠে মাঠে এখন সোনালী ধানের ছড়াছড়ি।আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকা-মাকড়ের আক্রমণ কম হওয়ায় এবার উপজেলার বিভিন্ন এলাকায় আগাম জাতের আমন ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। তবে ভালো ফলন মিললেও উৎপাদন খরচ বেশি হওয়ায় ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক (শস্য) মোঃ আতিক উল্লাহ জানান, চলতি মৌসুমে চন্দনাইশে ৮ হাজার ৬৫৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা এবার আমনের সন্তোষজনক ফলন হয়েছে। বিশেষ করে মাঠভরা পাকা ধান ঘরে তুলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কাটিয়ে ওঠার নতুন সম্ভাবনাও দেখছেন তাঁরা। তবে চলতি বছরের অতিবৃষ্টি ও বন্যায় উপজেলার কৃষি খাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের অতিবৃষ্টির কারণে ফসলি জমির ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, চন্দনাইশে গ্রীষ্মকালীন সবজির মোট আবাদি জমি ছিল ১ হাজার ৭০ হেক্টর। এর মধ্যে ৯৮১ হেক্টর জমি আক্রান্ত হয়। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ৭১৯ হেক্টর এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয় ২৬২ হেক্টর জমি। পরবর্তী হিসাবে আংশিক ক্ষতির ১৩১ হেক্টর জমিকে সম্পূর্ণ ক্ষতির হিসাবে অন্তর্ভুক্ত করে মোট ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ দাঁড়ায় ৮৫০ হেক্টর। অর্থাৎ মোট আবাদি জমির প্রায় ৭৯ দশমিক ৪৪ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১২ হাজার ৩৭৫টি কৃষক পরিবার ক্ষতির মুখে পড়ে। আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় ১২ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার টাকা। এমন পরিস্থিতিতে আমনের ভালো ফলন কৃষকদের জন্য নতুন আশার সঞ্চার করেছে। গ্রীষ্মকালীন সবজির ক্ষতিতে অনেক কৃষক আর্থিক সংকটে পড়লেও আমন ধানের ফলন সেই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। তবে কৃষকদের অভিযোগ,ফলন ভালো হলেও সার,বীজ, সেচের জন্য জ্বালানি তেল এবং শ্রমিকের বাড়তি মজুরির কারণে উৎপাদনে খরচ অনেকটাই বেশি হয়েছে। তাদের আশঙ্কা, ধানের উপযুক্ত দাম না পেলে ক্ষতিগ্রস্ত হবেন। তাই বাজার তদারকি জোরদার করার পাশাপাশি সরকারিভাবে ধান সংগ্রহের ক্ষেত্রে প্রকৃত কৃষকরা যেন সুবিধা পান, সে বিষয়ে কঠোর তদারকির দাবি জানিয়েছেন তারা। উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন বলেন, অতিবৃষ্টি ও বন্যায় গ্রীষ্মকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও চলতি মৌসুমে আমন ধানের ফলন সন্তোষজনক। কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে আমনের এই ফলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ে ফসলের অবস্থা পর্যবেক্ষণ ও কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং কৃষকেরা উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পেলে তাঁরা আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারবেন।




















