
বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ

জোহানেসবার্গে এই বাংলাদেশই কি বিপদে পড়েও ঘুরে দাঁড়িয়ে চারশ রান করেছিল? সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে তাদের ব্যাটিং বিভীষিকার পর তা বিশ্বাস করতে কষ্ট হওয়ারই কথা। মাত্র ৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ছন্নছাড়া ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ প্রথম দিনেই হারিয়েছে সফরকারীরা। দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপে পড়ে ভরাডুবি হয়েছে তাদের।
ইনজুরি থেকে ফিরে ছয় ওভারে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নিয়ে প্রোটিয়া পেস আক্রমণের নেতৃত্ব দিয়েছেন আনরিখ নর্কিয়ে। কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনও নিয়েছেন তিনটি করে উইকেট। নর্কিয়ে জানালেন, তিনি ও তার সতীর্থ ফাস্ট বোলাররা টস জেতার পর বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে সহজ পথেই এগিয়েছেন।
নর্কিয়ে বললেন, ‘এখন পর্যন্ত উইকেট ধীরগতির ছিল, আশা করি সামনে আরও দ্রুতগতির হবে। তারা যেন খেলে, আমরা সেভাবেই বল করতে চেষ্টা করেছি। আমরা চেয়েছিলাম তারা যেন সামনে এগিয়ে এসে খেলে।’
তিনি আরও বললেন, ‘পিচের কন্ডিশন অনুকূলে থাকলেও তার সঙ্গে মানিয়ে নেওয়া সবসময় সহজ নয়। কিন্তু আমাদের আসল চেষ্টা ছিল ছন্দ ধরে রেখে এগিয়ে যাওয়া। আমরা সবকিছু সহজ রাখতে চেষ্টা করেছি।’
পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টার কথা বললেন এই পেসার, ‘আপনাকে যত দ্রুত সম্ভব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে এবং ম্যাচ যত এগোবে, উইকেট যত দ্রুতগতির হবে কিংবা পরিস্থিতি অনুযায়ী যাই ঘটুক না কেন, আপনাকে যতখানি সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে।’ দলের কৌশল সম্পর্কে নর্কিয়ে বললেন, ‘শুধুমাত্র পারিপার্শ্বিক অবস্থার দৃষ্টিকোণ থেকে আমাদের চেষ্টা ছিল যতক্ষণ সম্ভব সঠিক জায়গায় বল রাখা।’



















