
ওটিলিয়ার সঙ্গে গাইবেন ফুয়াদ, কনসার্ট কবে?
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ

চার বছর পর আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। ‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই কনসার্টে তার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে কনসার্টে পারফর্ম করার বিষয়টি জানিয়েছেন ফুয়াদ।
এদিকে সদ্য এক ভিডিও বার্তায় বাংলাদেশে ফেরার খবর জানিয়েছেন ওটিলিয়া। সেখানে তিনি বলেন, দ্বিতীয়বারের মতো বাংলাদেশের দর্শকদের সামনে গান গাইতে তিনি মুখিয়ে আছেন। এবারের আয়োজন দর্শকদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেন এই গায়িকা।
আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে বসবে এই কনসার্ট। এর আগে ২০২২ সালে প্রথমবার ঢাকায় পারফর্ম করেছিলেন ওটিলিয়া।
ইতোমধ্যে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইতে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত।



















