
ডিএনসিসি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, মাঠে তরুণদের আনতে গুরুত্ব দিলেন মন্ত্রী
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’। সোমবার রাত ৮টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, নগর উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন নয়; বরং নাগরিকদের সুস্থতা, বিনোদন এবং তরুণদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করাও এর গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ এবং তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে।
বর্তমান সরকারের ক্রীড়াবান্ধব উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। খেলাধুলাকে সম্ভাবনাময় পেশা ও কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে প্রশিক্ষণ, ক্রীড়া ভাতা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলা হবে।
খেলোয়াড়দের উদ্দেশে মন্ত্রী বলেন, একটি ট্রফি কাউকে বিজয়ী করতে পারে, কিন্তু আচরণ, সততা ও ক্রীড়াসুলভ মনোভাবই একজনকে প্রকৃত খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করে। জয়ী হলে বিনয়ী থাকতে হবে এবং পরাজিত হলেও সাহস হারানো যাবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, অংশগ্রহণকারী দলের খেলোয়াড়, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।






















