
দর্শন নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ

মানুষের প্রশ্ন, কৌতূহল ও সত্য অনুসন্ধানের আকাঙ্ক্ষা থেকেই দর্শনের বিকাশ। প্রচলিত ধারণার বাইরে গিয়ে কোনো বিষয়কে নতুনভাবে দেখা, নিজের চিন্তাকে যাচাই করা এবং যুক্তির মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ তৈরি করে দর্শন। কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার, প্রযুক্তিনির্ভর জীবন, নৈতিক সংকট ও সামাজিক অসহিষ্ণুতার এই সময়ে দর্শনের প্রাসঙ্গিকতা নতুন করে আলোচনায় আসছে। ব্যক্তি ও সমাজের চিন্তার জগৎ সমৃদ্ধ করা, মুক্তচিন্তার পরিবেশ তৈরি এবং মানবিক সমাজ গঠনে দর্শনের ভূমিকা নিয়ে নিজেদের ভাবনা জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চার শিক্ষার্থী। তাঁদের ভাবনা তুলে ধরেছেন তরুণ লেখক রবিউল ইসলাম শাকিল।
চিন্তার শৃঙ্খলা তৈরি করে দর্শন
দর্শনের সূচনা প্রশ্ন ও বিস্ময় থেকে। মানুষ প্রতিনিয়ত নানা বিষয়ে চিন্তা করে, কিন্তু সেই চিন্তাকে সুনির্দিষ্ট পথে পরিচালিত করতে প্রয়োজন বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি। দর্শন মানুষকে কোনো বিষয়কে উপরিভাগ থেকে বিচার না করে তার অন্তর্নিহিত কারণ ও তাৎপর্য অনুধাবন করতে সহায়তা করে। প্রচলিত ধারণা কিংবা অন্যের মতামতের ওপর নির্ভর না করে নিজস্ব উপলব্ধি তৈরি করার ক্ষেত্রও প্রস্তুত করে এই বিদ্যা। তাই দর্শনচর্চা শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক পরিসর পর্যন্ত চিন্তার এই অনুশীলন ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এতে মানুষ নিজের সিদ্ধান্ত ও অবস্থান সম্পর্কে আরও সচেতন হতে পারবে।
ভাবনা সাহা
দর্শন বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
সংকটাপন্ন বিশ্বে সহাবস্থান ও মানবিকতার শিক্ষা
প্রযুক্তিগত উন্নয়ন মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এনেছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন, অভিবাসন, স্বাস্থ্যসংকট ও সামাজিক অসহিষ্ণুতার মতো বিষয়গুলো বিশ্বকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। এসব সংকট মোকাবিলায় কেবল প্রযুক্তিগত সক্ষমতা কিংবা অর্থনৈতিক সমৃদ্ধি যথেষ্ট নয়; প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণ। দর্শন মানুষকে ভিন্ন মত ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। মতপার্থক্যকে বিরোধের কারণ না বানিয়ে আলোচনার সুযোগ হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি তৈরি করে। একটি সমাজের প্রকৃত অগ্রগতি তখনই সম্ভব, যখন সেখানে ভিন্ন পরিচয় ও মতাদর্শের মানুষ পরস্পরের সঙ্গে মর্যাদা ও সহনশীলতার ভিত্তিতে বসবাস করতে পারে। এই সহাবস্থানের মানসিকতা গড়ে তুলতেও দর্শনের চর্চা গুরুত্বপূর্ণ।
শাহিনুর ইয়াসমিন মিসু
শিক্ষার্থী, দর্শন বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
অন্ধবিশ্বাস নয়, নৈতিকতার ভিত্তি হোক যুক্তি
মানুষের বিশ্বাস ও মূল্যবোধের পেছনে কী ধরনের যুক্তি কাজ করছে, তা অনুসন্ধানের সুযোগ তৈরি করে দর্শন। সমাজে প্রচলিত অনেক ধারণা মানুষ দীর্ঘদিন ধরে অনুসরণ করে এলেও সেগুলোর যথার্থতা নিয়ে প্রশ্ন তোলার প্রয়োজন রয়েছে। বিশেষ করে নৈতিকতার প্রশ্নে কোনো কাজকে শুধু সামাজিক রীতি কিংবা প্রচলিত বিশ্বাসের কারণে সঠিক বলে মেনে নেওয়া যায় না। এর যৌক্তিক ভিত্তি বোঝাও জরুরি। মানুষের এই বিচারবোধকে শাণিত করতে দর্শনের ভূমিকা রয়েছে। নিজের চিন্তার সীমাবদ্ধতা চিহ্নিত করা এবং প্রয়োজন হলে পূর্ববর্তী বিশ্বাস থেকে সরে আসার মানসিকতা তৈরি করাও এর অংশ। বর্তমান সময়ে সাম্প্রদায়িকতা, কুসংস্কার ও অসহিষ্ণুতার বিরুদ্ধে এমন আত্মসমালোচনামূলক দৃষ্টিভঙ্গি বিশেষভাবে প্রয়োজন। নিজের অজ্ঞতা সম্পর্কে সচেতন হওয়ার মধ্য দিয়েই জ্ঞান অর্জনের পথ তৈরি হয়। দার্শনিক সক্রেটিসের চিন্তায়ও আত্মজিজ্ঞাসার এই গুরুত্ব বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।
সাগর ভুঁইয়া
শিক্ষার্থী, দর্শন বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
যুক্তিবাদী সমাজ গঠনে দর্শনের প্রয়োজনীয়তা
বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের সামনে অভাবনীয় সম্ভাবনা তৈরি করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে চিকিৎসাবিজ্ঞান, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, প্রতিটি ক্ষেত্রেই এসেছে বড় পরিবর্তন। তবে নতুন প্রযুক্তির উদ্ভাবনই শেষ কথা নয়; এসব আবিষ্কার মানুষের কল্যাণে কতটা ব্যবহৃত হচ্ছে, তা বিবেচনা করাও জরুরি। প্রযুক্তির অপব্যবহার, ব্যক্তিগত গোপনীয়তা এবং মানুষের সিদ্ধান্ত গ্রহণে যন্ত্রের প্রভাবের মতো প্রশ্নগুলো তাই গুরুত্ব পাচ্ছে। এসব বিষয়ে নৈতিক অবস্থান নির্ধারণে দর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিজ্ঞান আমাদের প্রকৃতি ও জগতের নানা বিষয় সম্পর্কে জ্ঞান দেয়, আর সেই জ্ঞানের প্রয়োগ নিয়ে মূল্যবোধভিত্তিক পর্যালোচনার সুযোগ তৈরি করে দর্শন। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রমের গণ্ডি পেরিয়ে রাষ্ট্র, সমাজ ও ব্যক্তিজীবনের সিদ্ধান্ত গ্রহণেও দর্শনভিত্তিক চিন্তার চর্চা প্রয়োজন।
মো. আতিক শাহরিয়া নাহিদ
শিক্ষার্থী, দর্শন বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।






















