সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

গোয়াইনঘাট ও জৈন্তাপুরে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও সিরাপ উদ্ধার

reporter

জুবায়ের আহমদ সাব্বির, গোয়াইনঘাট

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:০৬ অপরাহ্ণ


গোয়াইনঘাট ও জৈন্তাপুরে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও সিরাপ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক এবং ৭টি নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সারিঘাট এলাকায় যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি ও এসআরবি।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবির প্রযুক্তিগত সহায়তায় টার্গেটের সর্বশেষ অবস্থান সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮০/১-এস ও ১২৮০/২-এস-এর মধ্যবর্তী স্থান থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায় শনাক্ত করা হয়।
পরে আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে টার্গেটের অবস্থান ঘেরাও করে। বিজিবির কে-৯ (ডগ স্কোয়াড) এর সহায়তায় তল্লাশি চালিয়ে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭টি নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, চলতি বছরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত ও আশপাশের এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিজিবি ও এসআরবির সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় এসব বিস্ফোরক ও মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিস্ফোরক ও অন্যান্য মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

Link Copied