
বরগুনায় ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলীকে আটক করল দুদক
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:০৭ অপরাহ্ণ

বরগুনার আমতলীতে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রুবেল খান নামে এক পৌর উপসহকারী প্রকৌশলীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তাঁর পকেট থেকে উদ্ধার করা এক লাখ টাকার নম্বরের সঙ্গে আগে থেকে সংরক্ষিত ঘুষের টাকার নম্বরের মিল পাওয়া যায়।
সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আমতলী পৌর শহরে অভিযান চালিয়ে তাঁকে আটক করে দুদকের পটুয়াখালী-বরগুনা সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল। রুবেল খান আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত।
দুদক সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার সামনে অবস্থিত সেন্ট্রাল লেকের সৌন্দর্যবর্ধন কাজের বিল ছাড় করানোর জন্য সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন রুবেল খান। দাবিকৃত টাকা না দিলে বিল আটকে রাখা এবং কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে গত ১৯ নভেম্বর দুদকের পটুয়াখালী-বরগুনা সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দেন ওই ঠিকাদার।
অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক ঘুষের টাকার নম্বর সংরক্ষণ করে। পরে ঠিকাদারকে ওই টাকা রুবেল খানের কাছে পৌঁছে দিতে বলা হয়। সোমবার অভিযান চালিয়ে তাঁর পকেট থেকে এক লাখ টাকা উদ্ধার করেন দুদকের সদস্যরা। পরে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা টাকার নম্বরের সঙ্গে আগে থেকে সংরক্ষিত নম্বর মিলিয়ে দেখা হয়। এতে নম্বরের মিল পাওয়া গেলে তাঁকে আটক করা হয়।
দুদকের পটুয়াখালী-বরগুনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তাপস বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এবং উদ্ধার করা টাকার নম্বরের সঙ্গে সংরক্ষিত নম্বরের মিল পাওয়ায় আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী রুবেল খানকে আটক করা হয়েছে। পরে তাঁকে আমতলী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



















