
রাজশাহী ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:০৫ অপরাহ্ণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’-এর আওতায় আয়োজিত তিন দিনব্যাপী কর্মশালায় অংশ নিতে রাজশাহীতে এসেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত ‘এক্সপোজার ভিজিট, হরাইজন্টাল লার্নিং, ইভালুয়েশন অ্যান্ড প্ল্যানিং ওয়ার্কশপ’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
রাজশাহীতে আগমন উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর ২০২৬) নগর ভবনে প্রশাসকের দপ্তরে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপুর মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় তাঁরা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা প্রদান এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
মতবিনিময়কালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপুকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহমখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মুঈদুর রহমান মুঈদ এবং রাজপাড়া থানা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















