সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ও করণীয়

reporter

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:০২ অপরাহ্ণ


বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ও করণীয়

প্রতিবছর ১৮ থেকে ২৪ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এক স্বাস্থ্য, এক পদক্ষেপ: এখনই এএমআর প্রতিরোধ করুন’ (One Health, one action: Prevent AMR now)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহটি পালিত হচ্ছে।

সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্যমতে, ২০১৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ‘বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ’ নামে এ উদ্যোগের যাত্রা শুরু করে। পরবর্তীতে অ্যান্টিবায়োটিকের পাশাপাশি অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধের প্রতিরোধ ক্ষমতাও আলোচনায় আসায় এর নাম পরিবর্তন করা হয়। বর্তমানে ডব্লিউএইচও, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা (ডব্লিউওএএইচ) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) যৌথভাবে এ কর্মসূচি পরিচালনা করছে।

বিশেষজ্ঞরা জানান, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ও পরজীবী যখন ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, তখন সেই ওষুধ আর কার্যকর থাকে না। ফলে সাধারণ সংক্রমণও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, জরুরি পদক্ষেপ না নিলে ২০৫০ সালের মধ্যে এএমআরের কারণে বিশ্বজুড়ে প্রায় ৩ কোটি ৯০ লাখ মানুষের মৃত্যু হতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে বার্ষিক ক্ষতি দাঁড়াতে পারে ৩ দশমিক ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি। বাংলাদেশের মতো নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ কেনা, অ্যান্টিবায়োটিকের কোর্স অসম্পূর্ণ রাখা এবং কৃষি ও প্রাণিসম্পদ খাতে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে ঝুঁকি আরও বাড়ছে।

এবারের ‘ওয়ান হেলথ’ ধারণার মূল বার্তা হলো মানুষ, প্রাণী, উদ্ভিদ ও পরিবেশের স্বাস্থ্য একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গবাদিপশু, হাঁস-মুরগি বা মাছ চাষে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারে সৃষ্ট প্রতিরোধী জীবাণু খাদ্য, পানি ও মাটির মাধ্যমে মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। একইভাবে পোষা প্রাণীর ক্ষেত্রেও নিবন্ধিত পশুচিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ প্রয়োগ অত্যন্ত বিপজ্জনক।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অ্যান্টিবায়োটিক সাধারণ ঠান্ডা, সর্দি বা ভাইরাসজনিত জ্বরে কাজ করে না। এএমআর প্রতিরোধে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন ও বিক্রি বন্ধ করা, ওষুধের পূর্ণ কোর্স সম্পন্ন করা, নিয়মিত হাত ধোয়া, সময়মতো টিকা গ্রহণ এবং খাদ্য ও পানির স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। পাশাপাশি হাসপাতালগুলোতে সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার, কালচার ও সেনসিটিভিটি পরীক্ষার মাধ্যমে রোগনির্ণয় এবং অ্যান্টিবায়োটিক ব্যবস্থাপনা কর্মসূচি কার্যকর করা প্রয়োজন।

এবারের সচেতনতা সপ্তাহে ২০২৬-২০৩৬ মেয়াদের হালনাগাদ বৈশ্বিক কর্মপরিকল্পনার আওতায় সব খাতকে ‘ওয়ান হেলথ’ দৃষ্টিভঙ্গিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। চিকিৎসক, ফার্মাসিস্ট, পশুচিকিৎসক, খামারি, নীতিনির্ধারক ও সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতাই আগামী প্রজন্মের জন্য কার্যকর ওষুধের সুরক্ষা নিশ্চিত করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

Link Copied