
মির্জাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:০৩ অপরাহ্ণ

পটুয়াখালীর মির্জাগঞ্জে ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টায় মির্জাগঞ্জ উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ রাসেল।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু।
বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজু, তথ্য-গবেষণা বিষয়ক সম্পাদক ও মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, সাংবাদিক আয়াতুল্লাহ সুজন জোমাদ্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকগণ।
স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন জানান, সঠিক সময়ে কৃষকদের হাতে বীজ পৌঁছে দিতে পারায় তারা আনন্দিত। উপজেলার প্রায় ৩০০ জন চাষীকে খেসারি, ৫ জন চাষীকে সয়াবিন, ৩০ জন চাষীকে চিনাবাদাম এবং প্রায় ৪১ জন চাষীকে মুগ ডালের বীজ ও সার দেওয়া হচ্ছে। কোন এলাকায় কোন ফসল ভালো হয়, তা বিবেচনায় নিয়ে এ প্রণোদনা দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে উপজেলায় মুগ ডালের একটি বাণিজ্যিক চ্যানেল গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু দূর-দূরান্ত থেকে আসা কৃষক এবং প্রকৃত কৃষকদের তালিকা তৈরিতে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিএনপি শুধু কথায় নয়, কাজেও বিশ্বাসী।




















